শিল্পপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন
‘দেশ বাঁচাও, গার্মেন্টস বাঁচাও, শ্রমিক বাঁচাও’ দাবিতে গাজীপুরে পোশাক কারখানা ও ভবনের মালিক এবং রাজনৈতিক নেতারা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলার মালেকের বাড়ি এলাকা থেকে দক্ষিণে কয়েক কিলোমিটার জুড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই মানববন্ধন হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ‘গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা কমিটি’র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, এলিট গার্মেন্টসের নির্বাহী পরিচালক মো. শহীদুজ্জামান, স্থানীয় গ্লেস নিটওয়্যার কারখানার মালিক শাহ্ আলম, গ্লেস নিটওয়্যার ও স্টাইলো কারখানার ভবনমালিক মমতাজ উদ্দিন প্রমুখ। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার বিপুলসংখ্যক শ্রমিকও অংশ নেন। বক্তারা সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন শিল্পকারখানায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানান।