শিল্পপ্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টাকালে সংঘর্ষ, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় গতকাল শনিবার একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিলে কারখানার শ্রমিকদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে ১১ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিকেএমইএর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান অবন্তী কালার টেক্সের মালিক এ এইচ আসলামের শাসনগাঁও এলাকায় ২০ শতাংশ জমি দখলের চেষ্টা চলছে। জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম এ চেষ্টা চালাচ্ছেন। গতকাল বেলা দেড়টার দিকে নিজামের অনুগত বেশ কয়েকজন সন্ত্রাসী ওই জমিতে সাইনবোর্ড লাগায়। একপর্যায়ে কারখানার শ্রমিকেরা বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে ওই ১১ শ্রমিক আহত হন। হামলার প্রতিবাদে কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার করে নিজাম প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।হামলা, মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন।