নিজস্ব শোধনাগার না থাকায় নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্প নগরের বিভিন্ন শিল্প-কলকারখানার বর্জ্য পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পানির সঙ্গে মিশে এলাকার পরিবেশকে বিপন্ন করে তুলছে। কিন্তু বিসিক কিংবা স্থানীয় প্রশাসন পরিবেশদূষণকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।সরেজমিন দেখা যায়, বিসিক শিল্প নগরের পাশ দিয়ে নোয়াখালী খাল এবং এর সঙ্গে যুক্ত চৌমুহনী-চন্দ্রগঞ্জ খাল, ছাতারপাইয়া খাল ও সিঅ্যান্ডবি খালের পানি গাঢ়-কালো রং ধারণ করেছে। ওই পানির কারণে খালে জন্মানো কচুরিপানাসহ অন্যান্য জলজ উদ্ভিদ জ্বলে গেছে। শিল্পবর্জ্য মিশ্রিত এই বিষাক্ত পানি বিভিন্ন শাখা খালের প্রায় ১০-১২ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে।বিসিকের পার্শ্ববর্তী চৌমুহনী পৌর মন্দির এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, বিসিক থেকে আসা বিষাক্ত পানি খালে পড়ার কারণে তীব্র দুর্গন্ধ ছড়ায়। এতে তাঁদের বাড়িঘরে বসবাস করা দুরূহ হয়ে পড়েছে। কিন্তু দূষণকারীরা প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ জানানোরও সাহস পান না।স্থানীয়রা জানান, মাসখানেক আগেও খালের ছিঁটছিটে পানিতে জন্মানো কচুরিপানা ও অন্যান্য উদ্ভিদ সবুজ রঙের ছিল। কিন্তু বিসিকের পাশের খালে জমে থাকা বিভিন্ন শিল্প-কারখানার বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে আশপাশের খালে ছড়িয়ে পড়ায় সবুজ সব উদ্ভিদ মরে যাচ্ছে, পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।বিসিকের স্থানীয় কার্যালয়ের সম্পত্তি কর্মকর্তা জীবনকৃষ্ণ মজুমদার বলেন, বিসিক শিল্প নগরের বিভিন্ন শিল্প-কারখানার বর্জ্য খালে পড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এর মাধ্যমে এলাকার পরিবেশ বিপন্ন হয়ে উঠছে বলেও তিনি স্বীকার করেন। তিনি জানান, পরিদর্শন করে বেশ কয়েকটি শিল্প-কারখানার বর্জ্য খালে পড়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিসিকের আইনানুযায়ী দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামিন প্রথম আলোকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি কয়েক দিন আগে অবহিত হয়েছেন। জেলা প্রশাসককেও বিষয়টি জানিয়েছেন। সহসা দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।