শিল্পবান্ধব পরিবেশ রক্ষায় আলোচনা সভা
গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার গাজীপুরে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিল্পপ্রতিষ্ঠানের মালিক, শ্রমিক সংগঠন, শিল্প পুলিশ ও শ্রমিকদের উদ্যোগে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ কারখানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলিট গার্মেন্টসের নির্বাহী পরিচালক মো. শহীদুজ্জামান জানান, ২০১৩ সালে পোশাকশ্রমিকেরা যখন বিভিন্ন দাবি আদায়ের নামে ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করে, তখন ওই বছরের ২৫ মে গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে স্থানীয় ২৫টি কারখানার মালিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও শ্রমিক প্রতিনিধি আছেন। এ কমিটি তিন মাস পর পর শ্রমিক প্রতিনিধি, মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে শিল্পাঞ্চলে মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের বিষয়ে সচেতনতামূলক সভা করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গতকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পাঞ্চল পুলিশ-২-এর (গাজীপুর) সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন, স্থানীয় কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও সুদীপ চক্রবর্তী।