শিল্পসচিবসহ ১৪ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের ট্যানারি স্থানান্তরে ব্যর্থতার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দিয়েছেন হাইকোর্ট। শিল্প মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাবেক সাত সচিব এবং পরিবেশ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ও সাবেক পাঁচ মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল দেন। বর্তমান ও সাবেক যে আট শিল্পসচিবের বিরুদ্ধে রুল দেওয়া হয়েছে তাঁরা হলেন বর্তমান শিল্পসচিব মো. মঈনুদ্দিন আবদুল্লাহ, সাবেক শিল্পসচিব জাকির হোসেন, আল আমিন চৌধুরী, এ এফ এম সারোয়ার কামাল, শোয়েব আহম্মেদ, আইয়ুব কাদরি, নুরুল আমিন ও শেখ এনায়েত উল্লাহ।
পরিবেশ অধিদপ্তরের বর্তমান ও সাবেক যে ছয়জন মহাপরিচালককে রুল দেওয়া হয়েছে তাঁরা হলেন বর্তমান মহাপরিচালক রাইসুল আলম, সাবেক মহাপরিচালক নজিবর রহমান, খন্দকার রশিদুল হক, হেদায়েতুল ইসলাম, ওমর ফারুক ও খান মো. ইব্রাহিম হোসেন। আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আবেদনকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০০১ সালে হাইকোর্টের রায়ে দুই বছরের মধ্যে হাজারীবাগের ট্যানারি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। পরে বিভিন্ন সময় ট্যানারি স্থানান্তরের সময়সীমা বাড়ানো হয়। সর্বশেষ ২০১০ সালের ৩০ অক্টোবর আরও ছয় মাস সময় দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত ট্যানারি স্থানান্তর করা হয়নি। যাঁদের বিরুদ্ধে রুল দেওয়া হয়েছে, তাঁরা হাইকোর্টের রায়ের পর বিভিন্ন সময়ে শিল্প মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন।