শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গঠনে মহিলাদের ভূমিকা অপরিহার্য। চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারাই দেশের ক্ষুদ্র শিল্প বিকাশে পথ দেখিয়েছেন। আমি আশা করি, চট্টগ্রামের নারীরাই আগামীতে এগিয়ে যাবেন। কারণ, চট্টগ্রাম থেকে সূর্য সেন, কল্পনা দত্তের নেতৃত্বে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছে।’ মন্ত্রী গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে ষষ্ঠ আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা (এসএমই) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি এতে প্রধান অতিথি ছিলেন। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফ ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির সভাপতি কোহিনুর কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের প্রধান আবদুর রহমান, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।