শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিন
শিল্পাচার্য জয়নুল আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে৷ এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন৷ খবর বাসসের৷
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম নতুন প্রজন্মকে সৃজনশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা জোগাবে৷ প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জয়নুল আবেদিনের ভাবনা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও ঐশ্বর্যমণ্ডিত করবে৷
শিল্পাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আজ বেলা ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিন ১৯১৪ সালে ব্রহ্মপুত্রলালিত সবুজ- শ্যামলিমা ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের দুর্দশা, কষ্ট ও সংগ্রামই ছিল তাঁর চিত্রকর্মের প্রধান উপজীব্য। তিনি এঁকেছেন ১৯৪৩ সালের ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘নবান্ন’, ১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে ‘মনপুরা’র মতো হৃদয়স্পর্শী চিত্র।
শিল্পীর কালজয়ী শিল্পকর্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিপুল প্রশংসা ও স্বীকৃতি লাভ করেছে। তাঁরই উদ্যোগে ১৯৪৮ সালে ঢাকা আর্ট কলেজ (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) প্রতিষ্ঠিত হয়।