শিল্পাচার্যের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। ১৯৭৬ সালে জাতির এই কীর্তিমান চিত্রশিল্পী মারা যান। দিবসটি উপলক্ষে রাজধানীতে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জয়নুল আমাদের ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও ১৯৭০ সালের ঘূর্ণিঝড় নিয়ে অসংখ্য চিত্র এঁকেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, চিত্র ও শিল্পকলার মাধ্যমে তিনি বাঙালি সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন।শিল্পাচার্য প্রথম বাঙালির জীবনধারাকে চিত্রকলায় সন্নিবেশ ঘটিয়ে দেশের শিল্প-সংস্কৃতিকে এ কর্মে প্রয়োগ করেন। ১৯৪৩ সালে কলকাতায় সৃষ্ট মন্বন্তরের ওপর শিল্পীর আঁকা বেশ কিছু শিল্পকর্ম সারা পৃথিবীতে আলোড়ন তোলে। অভাবী মানুষের হাড্ডিসার দেহ, মৃতপ্রায় মানুষের খাদ্য নিয়ে কাক-চিলের কাড়াকাড়ি, মৃত মায়ের দেহের পাশে মৃতপ্রায় শিশুর খাদ্যের জন্য আহাজারিসহ মন্বন্তরের চিত্রকর্মগুলো আমাদের শিল্পকলার ইতিহাসে অমর সৃষ্টি হয়ে আছে। দুর্ভিক্ষের চিত্রকর্ম ছাড়াও শিল্পাচার্যের আঁকা গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হচ্ছে: বিদ্রোহী, মুক্তিযোদ্ধা, গুনটানা, দুটি ষাঁড়ের লাঙল টানা, সাঁওতাল রমণী, সংগ্রাম ও গ্রামীণ নারীর চিত্রমালা। শিল্পাচার্য ত্রিশের দশকের শেষভাগে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বাসস।