শিল্পাঞ্চল পুলিশে আনসার ও দমকলকর্মী নেওয়ার প্রস্তাব
শিল্পাঞ্চল পুলিশে নতুন করে আনসার ও ভিডিপি এবং দমকলকর্মীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি গত বুধবার জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামকে এই প্রস্তাব দিয়ে চিঠি পাঠান। ওই চিঠির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।চিঠির ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম কোনো মন্তব্য করতে রাজি হননি। দেশের শিল্পাঞ্চলের সুরক্ষার জন্য শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিল্পাঞ্চল পুলিশে অনুমোদিত জনবল রয়েছে দুই হাজার ৯০ জন। তবে এক হাজার ৫৮০ জনকে নিয়ে এ বিশেষ বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করছে। একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে আশুলিয়া, গাজীপুর ও চট্টগ্রামে শিল্পাঞ্চল পুলিশ কাজ করছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ বাহিনীর শাখা হিসেবেই শিল্পাঞ্চল পুলিশ কাজ শুরু করেছে। এ অবস্থায় হঠাৎ করে অর্থমন্ত্রী এ বাহিনীতে প্রেষণে অন্য বাহিনী থেকে জনবল নেওয়ার প্রস্তাব করেছেন। সূত্র জানায়, অর্থমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেন, বিশেষায়িত শিল্প-নিরাপত্তা বাহিনী গঠনে সরকারি উদ্যোগের কোনো অগ্রগতি হয়নি। শিল্পাঞ্চল পুলিশ যে প্রক্রিয়ায় গঠন করার কথা ছিল তা মানা হয়নি। আনসার ও ভিডিপি এবং দমকল বাহিনীর সদস্য নিয়ে এ বাহিনী করার কথা থাকলেও শুধু পুলিশ নিয়েই এ বাহিনী গঠন করা হয়েছে।অর্থমন্ত্রীর চিঠিতে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশ নিয়মিত পুলিশের অংশ হওয়া উচিত নয়। সাধারণ পুলিশের দায়িত্ব এবং শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব এক রকম নয়। এদের মানসিকতাও আলাদা হওয়া উচিত। অর্থমন্ত্রীর চিঠিতে আরও বলা হয়, অর্থ বিভাগ অনেক আলোচনা-পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে শিল্পাঞ্চল পুলিশ নিয়ে একটি ধারণাপত্র তৈরি করেছিল। এতে শিল্পাঞ্চল পুলিশকে একটি বিশেষায়িত বাহিনী হিসেবে করার কথা বলা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে আন্তমন্ত্রণালয় সভাও হয়েছে। তিন সচিবের সভাতেও এটা বিশেষ বাহিনী করার সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবে এর প্রতিফলন হয়নি। অর্থমন্ত্রীর চিঠিতে বলা হয়, ‘শিল্পাঞ্চল পুলিশ ফোর্সেস বিধিমালা ২০১১’ শিরোনামে একটি খসড়া অর্থ বিভাগে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ১৮৬১ সালের পুলিশ আইনের ১২ ধারার ক্ষমতাবলে এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ওই বিধিমালা অনুযায়ী শিল্পাঞ্চল পুলিশ নিয়মিত পুলিশ বাহিনীর একটি সম্প্রসারিত অংশ। এর সব সদস্যই আসবেন পুলিশ বাহিনী থেকে। যোগাযোগ করা হলে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবদুস সালাম প্রথম আলোকে বলেন, আনসার ও ভিডিপি সদস্য নেওয়ার বিষয়টি জানা নেই।চিঠির ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি চিঠিতে বলেছি, এটা নিয়মিত পুলিশ বাহিনী থেকে স্বতন্ত্র ধরনের একটি শিল্পবান্ধব মানসিকতাসম্পন্ন বাহিনী হোক। এর অর্ধেক সদস্য আসবেন পুলিশ বাহিনী থেকে, বাকি অর্ধেক থাকবেন আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু কোনো কিছুই আমলে নেওয়া হয়নি।’