হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে গতকাল সোমবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।গতকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে খায়রুজ্জামান তালা, মোসাদ্দেক আনারস এবং সচেতন নাগরিক সমাজের প্রার্থী হাবিবুর রহমান চশমা প্রতীক পেয়েছেন।
প্রচারণার শুরুতে নাগরিক কমিটির প্রার্থী খায়রুজ্জামান রাজশাহীতে শিল্পায়ন ও তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঘোষণা দেন। আর সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মোসাদ্দেক হোসেন সিটি করপোরেশন অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণমুক্ত করা এবং স্বল্পমূল্যে দেওয়া করপোরেশনের সম্পদ উদ্ধারের ঘোষণা দেন।২০০৮ সালের সিটি নির্বাচনেও খায়রুজ্জামান রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। গতকাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইতিমধ্যে রাজশাহীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, গ্যাসের সংযোগসহ প্রধান সমস্যাগুলোর সমাধান হয়েছে। কিছু সমস্যার কারণে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ সম্ভব হয়নি। এবার নির্বাচিত হলে তিনি তা পূরণ করবেন। তিনি তাঁর ওপর আস্থা রাখার আহ্বান জানান।
মোসাদ্দেক হোসেন বলেন, এই প্রশাসনের ওপর তাঁর আস্থা নেই। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে তিনি সেনাবাহিনী নামানোর দাবি জানান।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর বেলা সাড়ে ১১টায় নেতা-কর্মীদের নিয়ে খায়রুজ্জামান হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। সঙ্গে ছিলেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সদস্যসচিব শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সহসভাপতি মীর ইকবাল, মোহাম্মদ আলী কামাল, কোষাধ্যক্ষ শামসুজ্জামান, জাসদের নেতা প্রদীপ মৃধা, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।
মাজার জিয়ারত শেষে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন খায়রুজ্জামান। তিনি দরগাহের আশপাশের এলাকার দোকানি, রিকশাচালক, পথচারী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এরপর তিনি কাদিরগঞ্জে বাবা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
মোসাদ্দেক হোসেন সকাল সাড়ে আটটার দিকে হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন। দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে ১৮-দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মেয়র পদপ্রার্থী হিসেবে মোসাদ্দেককে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, আজিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির, জেলা মহিলা দলের নেত্রী জাহান পান্না, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এম নজরুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি আবু মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।