শিল্পী, পরিচালক ও প্রযোজকদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সাংসদ ও চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়েছেন চলচ্চিত্রের শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা। গতকাল সোমবার এফডিসির প্রযোজক-পরিবেশক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই নিন্দা জানান। পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কবরীর ওপর যেভাবে সাবেক সাংসদ শামীম ওসমান হামলা করার চেষ্টা করেছেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেছেন, তার নিন্দা জানানোর ভাষা নেই।’ তিনি বলেন, ‘জনগণের দাবির প্রতি কথা বলতে গিয়ে কবরী নাজেহাল হয়েছেন। এমনিভাবে কয়েক দিন আগে একুশে পদকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গাজী মাজহারুল আনোয়ার ও চাষী নজরুল ইসলামকেও নাজেহাল করা হয়েছে। এসব ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে যেন না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, ‘সরকার যেখানে নারীর ক্ষমতায়নের কথা বলছে, সেখানে কবরী আপার মতো একজন নির্বাচিত সাংসদকে সরকার-সমর্থক শামীম ওসমান দিনে-দুপুরে প্রকাশ্যে মারার চেষ্টা করেছেন, এটা নিন্দনীয় অপরাধ।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এই কি নারীর প্রতি আমাদের সম্মান প্রদর্শন!’ প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘শামীম ওসমান একজন সাবেক সাংসদ হয়েও কীভাবে বর্তমান সাংসদের সঙ্গে এমন ঘৃণ্যতম আচরণ করলেন, তা আমাদের বোধগম্য নয়।’ শনিবার নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের বাদানুবাদের একপর্যায়ে সাবেক সাংসদ শামীম ওসমান কবরীর দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যান।