শিল্পী আবদুল জব্বার সমাহিত

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিল্পী আবদুল জব্বারের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। অগণিত কণ্ঠ একসঙ্গে গাইছে, ‘সালাম সালাম হাজার সালাম...’। গাইতে গাইতে কাঁদছেন অনেকেই। এ সময় বৃষ্টি অবিরাম ঝরছে।
বৃষ্টি আর অশ্রুতে মিশে একাকার হওয়া এই দৃশ্য কি দেখতে পেয়েছেন আবদুল জব্বার? চল্লিশ বছর আগে যিনি গেয়েছিলেন ‘বিদায় দাও গো বন্ধু তোমরা’; কাল বৃহস্পতিবার বিকেলে শেষ বিদায় নিলেন সবাইকে ছেড়ে; ঘুমালেন মিরপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানের সবুজ মাটিতে।
গত বুধবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অনেক কালজয়ী বাংলা গানের শিল্পী আবদুল জব্বার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শব্দসৈনিককে গতকাল বৃহস্পতিবার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা হয়। সেখান থেকে নেওয়া হয় মিরপুরে, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে।
আগের রাতে তিনি ঘুমিয়ে ছিলেন বারডেমের হিমঘরে। গতকাল বৃহস্পতিবার শিল্পীর নিথর দেহ নেওয়া হয় তাঁর কর্মস্থল আগারগাঁওয়ের বেতার ভবনে। সেখানে হয় জানাজা। বেতার ভবন প্রাঙ্গণ থেকে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ বহনকারী গাড়িটি যাত্রা করে, তখন অবিরাম বৃষ্টি শুরু হয়। এরই মাঝে অগণিত মানুষ আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টির পানি জমে একাকার চারদিক, এমনকি প্যান্ডেলের নিচেও পানি জমে গেছে। শিল্পী আবদুল জব্বারের প্রতি শেষবার শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাছে বাধা হলো না বৃষ্টি। ফুলে ফুলে ভরে উঠল ‘ওরে নীল দরিয়া’র গায়কের কফিন।
শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়া আকরাম ইবনে সাজ্জাদের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করে আবদুল জব্বারের মরদেহ জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়। এরপর প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তারপরই সর্বস্তরের মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পালা।
কে ছিলেন না এই কাতারে! শিল্পী সাবিনা ইয়াসমীনকে খুব কম দেখা যায় এমন আয়োজনে। মাঝে নিজেও ভুগেছেন বড় রোগে। বৃষ্টি উপেক্ষা করে তিনিও এসেছেন শেষ শ্রদ্ধা জানাতে। আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, শাহীন সামাদ, কল্যাণী ঘোষ, ইন্দ্রমোহন রাজবংশী, মনোরঞ্জন ঘোষাল, সংসদ সদস্য কবি কাজী রোজী এবং ম হামিদ, কুদ্দুছ বয়াতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে জাসদ, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ, ওয়ার্কার্স পার্টি, ছাত্রমৈত্রী, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেক্টর কমান্ডারস ফোরাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় গণগ্রন্থাগার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র, গণসংগীত সমন্বয় পরিষদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, উদীচী ইত্যাদি।
কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে সমাহিত করা হয় একাত্তরের এই কণ্ঠযোদ্ধাকে।