শিল্পী আবিদ স্মরণে সৈকতে বন্ধুসভার শোকসভা
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সি-ক্রাউন পয়েন্টে গত শুক্রবার সন্ধ্যায় গোসল করতে নেমে গুপ্তখালে আটকা পড়ে ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী আবিদ শাহরিয়ারসহ তিনজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের সদস্যরা। গতকাল রোববার বিকেল চারটায় সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টসংলগ্ন বালুচরে বন্ধুসভার সদস্যরা এই শোকসভার আয়োজন করে। যে গুপ্তখালে আটকা পড়ে তিনজন মারা যান, ভাটার সময় ভেসে ওঠা ওই খালের পাশে দাঁড়িয়ে শোকসভাটি করা হয়। শুরুতে মৃত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ধারণ করা হয় কালো ব্যাজ। শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, তার জন্য দ্রুত এই সৈকতের নির্দিষ্ট একটি জায়গায় পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। বন্ধুসভা জেলা কমিটির সভাপতি বিশ্বজিত পালের সভাপতিত্বে শোকসভায় বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস বলেন, সমুদ্রে গোসল করতে নেমে গত ১০ বছরে ৮৪ পর্যটকের মৃত্যু হয়েছে। অথচ এ ব্যাপারে সরকারের কোনো মাথাব্যথা নেই। সমাবেশে বক্তব্য দেন বন্ধুসভা জেলা কমিটির সহসভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফারজানা নাসরিন, সাংগঠনিক সম্পাদক তসলিমা আকতার, কক্সবাজার সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি শাহনাজ সুলতানা, যুগ্ম সম্পাদক তসলিমা জান্নাত প্রমুখ।বক্তারা ভ্রমণে আসা পর্যটকদের নিরাপদ গোসলে সমুদ্রে দ্রুত নেটিং পদ্ধতি চালু, ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে সরকারিভাবে ডুবুরি নিয়োগ, সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার তৎ পরতা চালানোর জন্য দ্রুত জলযান সরবরাহসহ আনুষঙ্গিক ব্যবস্থা দ্রুত নিশ্চিত করার দাবি জানান। গত ২৯ জুলাই সৈকতে গোসল করতে নেমে শিল্পী আবিদ শাহরিয়ার (২৬), তাঁর সহকর্মী মোস্তাকিন (২৭) ও কাজী আশিক মোস্তফা (২৮) মারা যান।