শিল্পী ইমদাদ সমাজকে এগিয়ে নেওয়া কর্তব্য মনে করতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ইমদাদ হোসেন ছবি আঁকাকেই একমাত্র দায়িত্ব মনে করেননি। শিল্পসত্তা দিয়ে সমাজ ও দেশ এগিয়ে নেওয়াকেও তিনি কর্তব্য মনে করতেন। তাই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে তিনি মন-প্রাণ দিয়ে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তাঁর মৃত্যু একদিকে যেমন শোকের, অন্যদিকে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে পরবর্তী প্রজন্মের।কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার শিল্পী ইমদাদ হোসেন স্মরণে নাগরিক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই স্মরণসভার আয়োজন করে।স্মরণসভায় শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ইমদাদ হোসেন ছিলেন নিভৃতচারী দেশপ্রেমিক। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ—সব আন্দোলনেই নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তবে সামনের সারিতে আসতেন না। তাঁর অভাব পূরণ হওয়ার নয়। তিনি বলেন, তিনি এবং ইমদাদ হোসেন পাকিস্তান আমলে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রে চাকরি করতেন। ইমদাদ হোসেন কেরানীগঞ্জের রুহিতপুর থেকে মগবাজারে অফিস করতেন। এত দূর থেকে এসেও তিনি সবার আগে অফিসে পৌঁছাতেন।শিল্পী রফিকুন নবী বলেন, ইমদাদ হোসেন শিখিয়েছিলেন শুধু ছবি আঁকলেই সব দায়িত্ব শেষ হয় না। সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলো আত্মস্থ করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করাও একজন শিল্পীর দায়িত্ব।শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, শিল্প হবে মানুষের কল্যাণে—এটাই ছিল ইমদাদ হোসেনের আন্দোলন। পরবর্তী প্রজন্মের দায়িত্ব এই আন্দোলন এগিয়ে নেওয়া।মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, শিল্পের মাধ্যমে সমাজের পরিবর্তনের কাজে ইমদাদ হোসেন বিশ্রাম নেননি। আমৃত্যু তিনি দেশের কল্যাণে শিল্পকে কাজে লাগানোর সংগ্রাম করে গেছেন।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন বলেন, মুক্তিযুদ্ধের সময় ইমদাদ হোসেনের বাড়ি মুক্তিযোদ্ধাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল।নাট্যজন মামুনুর রশীদ বলেন, ইমদাদ হোসেন টেলিভিশনের প্রধান সেট নির্মাতা ছিলেন। কাজের ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। কর্তাব্যক্তিদের কখনোই তাঁর নিজস্ব সত্তার ওপর কর্তৃত্ব করতে দেননি।নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, তাঁর জীবনের বেশির ভাগ ভালো কাজের অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন ইমদাদ হোসেনের কাছ থেকে।স্মরণসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। আরও বক্তব্য দেন মোরশেদ আলী, সানী চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।