
২৯ ডিসেম্বরের সূর্যটা কেবলই আলো দিতে শুরু করেছে। তখনো ধোয়ামোছার শেষ আঁচটি দেওয়া হচ্ছে সমাধিতে। বেলা একটু বাড়তেই সমাধির সবুজ ঘাস ভরে গেল ফুলে ফুলে। শ্রদ্ধায় ও ফুলেল শুভেচ্ছায় শুরু হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জয়নুল উৎসব ২০১৬’।
সারি সারি দোকান। সেখানে রাজশাহীর শখের হাঁড়ি, নারায়ণগঞ্জের হাতপাখা, মাগুরার শোলাশিল্প, বিক্রমপুরের শীতলপাটি, রাজশাহীর টেপা পুতুল। আরও কত যে লোকজ শিল্পকর্ম! বাংলার লোকজ শিল্পের পসরা বসেছিল যেন ব্যস্ত শহরের চারুকলা অনুষদের প্রাঙ্গণজুড়ে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোকশিল্প নিয়ে ছিল অপার ভাবনা। তাঁর বিশ্বাস ছিল, যদি লোকশিল্পীদের সঙ্গে মিলে কাজ না করা যায়, তাহলে শিল্প পূর্ণতা পাবে না। চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন উৎসব আঙিনায় দাঁড়িয়ে এমনটাই বললেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে ছিল নানা আয়োজন। জয়নুল মেলা ছাড়াও ছিল জয়নুল সম্মাননা, শিল্পাচার্যের আবক্ষ মূর্তি স্থাপন, আলোচনা অনুষ্ঠান, শিল্পাচার্যের ভাস্কর্য প্রতিযোগিতা, বিভাগীয় শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রয়, জয়নুল আবেদিনের জন্মশততম বর্ষ উপলক্ষে আয়োজিত সেমিনারে পঠিত প্রবন্ধ নিয়ে সংকলিত বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল সকালে সমবেত সংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ দিয়ে চারুকলার বকুলতলায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সেখানে স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষ্ঠানের ডিন শিল্পী নিসার হোসেন। এরপর ‘জয়নুল সম্মাননা’ দেওয়া হয় দুই বাংলার দুই শিল্পীকে। তাঁরা হলেন বাংলাদেশি শিল্পী আবুল হাশেম খান ও ভারতীয় বাঙালি শিল্পী যোগেন চৌধুরী। সম্মাননা স্মারক, উত্তরীয়, অভিবাদনলিপি তাঁদের হাতে তুলে দেন অতিথিরা। সম্মাননা পেয়ে অনুভূতি জানাতে গিয়ে শিল্পী হাশেম খান বলেন, ‘আমি পরম সৌভাগ্যবান। আজ আমাকে জয়নুল আবেদিন নামাঙ্কিত সম্মানে ভূষিত করা হয়েছে। আমি এ জন্য চারুকলা অনুষদ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’ শিল্পী আবুল হাশেম খানের জন্ম চাঁদপুরে। তিনি ১৯৫৬ সালে শিল্পাচার্য প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টসে ভর্তি হন। সেখান থেকে তিনি বিএফএ ডিগ্রি লাভ করেন। পরে তিনি এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা শুরু করেন। ২০০৭ সালে প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেন। এই সম্মাননা ছাড়াও তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা দিবস পদক। শিল্পী শ্রী যোগেন চৌধুরীর জন্ম ১৯৩৯ সালে ফরিদপুর জেলায়। দেশভাগের সময় পাড়ি জমান ওপার বাংলায়। সেখানে কলকাতার শহীদনগরে বাস করতে থাকেন। ফাইন আর্টসে লেখাপড়া শেষ করে কর্মজীবন শুরু করেন হাওড়া জিলা স্কুলের শিল্পশিক্ষকরূপে। ১৯৮৭ সালে চলে আসেন শান্তিনিকেতনে। বিশ্বভারতীর কলাভবনের চিত্রকলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৯ সালে সেখান থেকে অবসর নেন। এই সম্মাননা ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট ডিগ্রি লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের দেশে আজ শিল্পচর্চা যেখানে এসেছে, তা দেখে অনেক দেশই ঈর্ষা করে। এই জায়গাতে পৌঁছানোর জন্য শিল্পাচার্যের অবদানই সবার চেয়ে বেশি। তিনি শিল্পের যে বীজ বপন করেছিলেন, তাই আজ মহিরুহে রূপান্তরিত হয়েছে।’
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের ভৌগোলিক সীমা থাকতে পারে কিন্তু সংস্কৃতির কোনো সীমা নেই। সীমা নেই বলেই ভারতের যোগেন চৌধুরীও এখানে সম্মানিত হলেন।’
অনুষ্ঠানে অতিথিরা শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশততমবর্ষ ২০১৪ উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘শতবর্ষের আলোকে জয়নুল ও প্রাসঙ্গিক শিল্পভাবনা’ শীর্ষক সেমিনারে পঠিত প্রবন্ধের সংকলন নিয়ে বই জয়নুল জন্মশতবর্ষ প্রবন্ধাবলির মোড়ক উম্মোচন করেন। সেখানে জয়নুল আবেদিনকে নিয়ে ১২টি প্রবন্ধ সংকলিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানের পর ভারতের বিখ্যাত ভাস্কর তারক গড়াইয়ের তৈরি জয়নুল আবেদিনের ভাস্কর্য উন্মোচন করেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন। এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে শিল্পাচার্যের ভাস্কর্য নিয়ে একটি প্রতিযোগিতা হয়। সে প্রতিযোগিতায় প্রথম হওয়া সুমন পালের তৈরি আবক্ষ মূর্তিটি উন্মোচন করেন শিল্পী যোগেন চৌধুরী।
সারা দিন ধরে চারুকলা প্রাঙ্গণে চলতে থাকে মেলা। বিকেলে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনব্যাপী এই উৎসব চলবে বছরের শেষ দিনটি পর্যন্ত।
বিকেল গড়িয়েছে। কীভাবে শুরু হয়েছিল এই মেলা, সে কথা জানতে চেয়েছিলাম চারুকলার ডিনের কাছে। তিনি বললেন, ২০০৯ সালে শুরু হয় এই মেলা। তখন শিল্পী রফিকুন নবী চারুকলার ডিন। ভারতের বিখ্যাত শিল্পী কে জি সুব্রামানিয়ামকে আমন্ত্রণ জানানো হলো। তখন তাঁদের মনে হলো, এমন একটা কিছু করা যাতে তিনি এ দেশের চারুকলা ও লোকশিল্প সম্পর্কে পুরো ধারণা পান। ঠিক করা হলো, সবচেয়ে ভালো দিন হচ্ছে জয়নুল আবেদিনের জন্মদিন। তাঁকে ও শিল্পী সফিউদ্দিন আহমেদকে প্রথম সম্মাননা দেওয়া হয়। এরপর থেকেই প্রতিবছর ধারাবাহিকভাবে চলছে এই উৎসব।