শিল্পী কাইয়ুম চৌধুরীর কুলখানি সম্পন্ন

দেশের বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর কুলখানি সম্পন্ন হলো গতকাল শুক্রবার বাদ মাগরিব। শিল্পীর বাসভবন আজিমপুরের ছাপরা মসজিদের দক্ষিণ পাশে সাফির আইডিয়াল স্কুলে কুলখানির আয়োজন করা হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন সৈয়দ আবুল বারক আলভী, সাহিত্য পত্রিকা কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু গাজী শাহাবুদ্দিন প্রমুখ। এ ছাড়া শিল্পীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, ছাত্র, গুণগ্রাহী এবং মহল্লাবাসীও এতে অংশ নেন।
কুলখানিতে শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছাপরা মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম।
শিল্পী কাইয়ুম চৌধুরী গত ৩০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন।