শিল্পী গণেশ হালুইয়ের ‘বাস্তবের ছন্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন এক উত্তাল সময়। ব্রিটিশ শাসন থেকে সদ্য স্বাধীন হয়েছে ভারতবর্ষ। ভাগ হয়ে গেছে দেশ। ময়মনসিংহের জামালপুর থেকে ১৪ বছর বয়সের এক কিশোর পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে চলে গেলেন পাশের দেশ ভারতের কলকাতায়। তারপর দীর্ঘ সংগ্রাম। একটা সময় দিন কেটেছে রিফিউজি ক্যাম্পে। কিন্তু তাঁর বুকের মধ্যে ছিল এক গভীর স্বপ্ন—একদিন বড় শিল্পী হবেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ ভারতের অগ্রগণ্য চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ভুলতে পারেননি জন্মভূমির টান। বারবারই এ দেশে এসেছেন শিল্পী গণেশ হালুই। আজ বুধবার শুরু হচ্ছে বাংলাদেশে তাঁর প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’।ধানমন্ডির বেঙ্গল গ্যালারি ও কলকাতার আকার প্রকার গ্যালারির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীটি। এতে সহায়তা দিচ্ছে প্রথম আলো। আজ সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ১২ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ও বরেণ্য শিল্পী রফিকুন নবী। প্রদর্শনী চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।গতকাল মঙ্গলবার দুপুরে প্রদর্শনী উপলক্ষে বেঙ্গল ক্যাফেতে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পী গণেশ হালুই তাঁর শিল্পচর্চা ও জামালপুরে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। তাঁর শিল্পকলা নিয়ে আলোচনা করেন আকার প্রকার গ্যালারির পরিচালক রিনা লাথ ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল গ্যালারির ব্যবস্থাপক সারোয়ার জাহান।জলরঙের ৬৫টি শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। সম্প্রতি এই কাজগুলো গণেশ হালুই করেছেন ঢাকার এই প্রদর্শনীর জন্যই। তিনি প্রথম আলোকে জানান, ঢাকায় একটি প্রদর্শনী করার ইচ্ছা ছিল তাঁর অনেক দিন থেকেই। তবে কেবল প্রদর্শনীর জন্যই এই প্রদর্শনী করা নয়। এর পেছনে একটি মহৎ উদ্দেশ্যও রয়েছে। জন্মভূমি জামালপুর অঞ্চলে তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চান। সেখানে একটি চারুশিল্প সংগ্রহশালা, গ্যালারি, পাঠাগার এসব থাকবে। এ ছাড়া নবীন শিল্পীদের উৎসাহিত করতে আলোচনা, কর্মশালার আয়োজনসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হবে, থাকবে পুরস্কার দেওয়ার ব্যবস্থা। একে কেন্দ্র করে বিকশিত হবে এই অঞ্চলের শিল্প-সংস্কৃতির চর্চা। এখনো এর পুরো রূপরেখা তৈরি হয়নি। প্রাথমিকভাবে এর নাম ‘গণেশ হালুই ফাউন্ডেশন’ রাখা হয়েছে। তবে তিনি বলছিলেন, ‘আমার নামেই যে করতে হবে এমন নয়। প্রতিষ্ঠানটি গড়ে তোলাই আসল কথা। আমি কাজটি শুরু করে দিতে চাই।’ এ জন্য যে অর্থের প্রয়োজন, সে তহবিল সংগৃহীত হবে এ প্রদর্শনী থেকে। কাজেই জন্মভূমি নিয়ে স্বপ্নপূরণের প্রদর্শনীও বলা যায় একে।গণেশ হালুইয়ের জন্ম ১৯৩৬ সালে। ১৯৫০ সালে তাঁরা কলকাতায় চলে যান। ছেলেবেলা থেকেই তাঁর আঁকার হাত ভালো। বুকের মধ্যে শিল্পী হওয়ার স্বপ্নটি বুনে দিয়েছিলেন স্কুলের অঙ্কনশিক্ষক গফুর মিয়া। শিল্পী বলছিলেন, ‘তখন ঢাকায় আর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। স্যার আমাকে বারবার বলতেন, এখান থেকে পাস করে ঢাকায় গিয়ে আর্ট কলেজে ভর্তি হবি।’ ঢাকায় আর্ট কলেজে ভর্তি হওয়া হয়নি। কিন্তু ভুলতে পারেননি শিক্ষকের সেই উপদেশ, তাঁর প্রেরণা। ভর্তি হয়েছিলেন কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটসের অ্যাপ্লাইড আর্ট বিভাগে। ১৯৫৬ সালে সেখান থেকে স্নাতক হন। পরে এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করেছেন ১৯৬৩ থেকে ১৯৯৮ পর্যন্ত। এ পর্যন্ত তাঁর ১৯টি একক প্রদর্শনী হয়েছে। ছয়বার স্বর্ণপদক পেয়েছেন কলকাতার একাডেমি অব ফাইন আর্টস থেকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ‘হীরাচাঁদ দুর্গা স্মারক’ সম্মান, পেয়েছেন ‘পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি সম্মান’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।পুরোনো দিনের কথা মনে করে বলছিলেন, ‘এখান থেকে যাবার পর গফুর স্যার তো বটেই, ওয়াজেদ আলী স্যার, নায়েব আলী স্যার ও বন্ধুদের কথা মনে পড়ত। ’৫১-৫২ সালের দিকে রাতে ঘুম হতো না। বন্ধুদের কাছে চিঠি লিখতাম। উত্তরও পেয়েছি। এতবার বাসা পাল্টেছি। এত জায়গায় থাকতে হয়েছে। তবু সেই চিঠিগুলো কিন্তু আজও আমি পরম সম্পদ মনে করে যত্নে রেখেছি। জন্মভূমির সঙ্গে নাড়ির টান থাকে। তা ভোলা যায় না। বরাবরই ভেবেছি এখানে কিছু করব। এবার বেঙ্গল গ্যালারির সহযোগিতা পেয়ে সেই কাজটি করার সুযোগ পেয়েছি।’গণেশ হালুই বিভিন্ন মাধ্যমে কাজ করলেও জলরঙের কাজের জন্যই তিনি প্রসিদ্ধ। বিমূর্ত ধারায় তাঁর কাজ। খুব অনাড়ম্বর, অলংকারবর্জিত এসব কাজের ভেতরে এমন ব্যঞ্জনার সৃষ্টি হয়, যা সহজ স্বতঃস্ফূর্ত। দর্শকেরা নির্মল আনন্দ পাবেন নাড়ির টানে ফিরে আসা এই কৃতী শিল্পীর সৃজনসম্ভারে।