শিল্পী ঢালী আল মামুনের অবস্থা উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ঢালী আল মামুনকে ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সামান্য উন্নতির দিকে। গতকাল শনিবার তাঁকে প্রথমবারের মতো মুখে তরল খাবার দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে আরও মাসখানেক হাসপাতালে থাকতে হবে। এ সময় তাঁর একাধিক অস্ত্রোপচার হবে। শুক্রবার ঢালী আল মামুনকে ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে আটটার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে তাঁর চিকিৎসার জন্য একটি চিকিৎসা দল (মেডিকেল বোর্ড) গঠন করা হয়। তাঁর সঙ্গে আছেন স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলি ও বন্ধু কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। শাহাদুজ্জামান গতকাল প্রথম আলোকে জানান, আগামী সপ্তায় মামুনের হাত ও কাঁধে অস্ত্রোপচার করতে হবে। এরপর তাঁকে আরও কয়েকটি অস্ত্রোপচার করতে হবে এবং দীর্ঘ মেয়াদে পর্যবেক্ষণে থাকতে হবে। তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে। শনিবার প্রথম তাঁর মুখে তরল খাবার দেওয়া হয়েছে। কৃত্রিম শ্বাসযন্ত্রও সরানো হয়েছে। এ সময় তিনি চিকিৎসকদের কিছু প্রশ্নেরও উত্তর দিতে পেরেছেন। তবে মানিকগঞ্জের যে দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন, সে ব্যাপারে তাঁর কোনো কিছু মনে নেই। ১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী ঢালী আল মামুন। একই দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট চিত্রগ্রাহক এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন।