শিল্পী ঢালী আল মামুনের অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুনের অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল রোববার রাতে অধ্যাপক মতিউর রহমান মোল্লার তত্ত্বাবধানে তাঁর চোয়ালে বিশেষ অস্ত্রোপচার হয় (ম্যাক্সিলোফেসিয়াল)। রাজধানীর স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।রাত সাড়ে আটটায় তাঁকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে তাঁকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হবে। এ সময় হাসপাতালে অনেক শিল্পী উপস্থিত ছিলেন। তাঁরা শিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চেয়েছেন। একই ঘটনায় আহত শিল্পীর স্ত্রী দিলারা বেগম জলি এবং চলচ্চিত্রনির্মাতা ক্যাথরিন মাসুদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গত শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জোকা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের নয়জন আরোহীর মধ্যে খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি। আহত তিনজনকে শনিবার মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শনিবার ঢাকার পান্থপথের বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন দিলারা বেগম জলি। তারও আগে বাসায় ফিরে গেছেন ক্যাথরিন মাসুদ। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা শিল্পী ঢালী আল মামুন সম্পর্কে বর্ণনা দেন স্ত্রী দিলারা বেগম। তিনি জানান, দুর্ঘটনায় ঢালী আল মামুনের মুখের এক পাশের প্রায় সব দাঁত ভেঙে গেছে। চোয়াল গুরুতরভাবে থেঁতলে গেছে। বুকের পাঁজরও ভেঙে গেছে। এমনিতেই তিনি ডায়াবেটিসে আক্রান্ত।