শিল্পী নকুল বিশ্বাসের সহযোগীসহ ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের এক সহযোগী শিল্পীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উত্তর ব্রাহ্মণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিল্পী নকুল কুমার অবশ্য এ সময় সঙ্গে ছিলেন না। 

যশোরের বেনাপোল থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৯-৪৪৭৪) ঘন কুয়াশার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সম্প্রসারণ কাজের বন্টকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও দুজন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহযোগী শিল্পী ও ঢাকার মিরপুরের আবুল হোসেনের ছেলে ওয়াহিদ সুজাত (৩৮), মাইক্রোবাসের চালক ভোলার সোনাডুগী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৭)। আহত ব্যক্তিরা হলেন নকুল বিশ্বাসের গানের দলের সদস্য নিমাই (২৫) ও দীপক (৩২)। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ভারত থেকে গানের একটি অনুষ্ঠান শেষে তাঁরা ঢাকায় ফিরছিলেন। তবে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস এই দলের সঙ্গে ভারত থেকে ফেরেননি। তিনি ঘটনা শোনার পর ভারত থেকে ভাঙ্গা হাইওয়ে থানায় মুঠোফোনে খোঁজখবর রেখেছেন।
অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্জুন কুমার বলেন, হাসপাতালে ভর্তি দুজনের মধ্যে দীপকের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া অপর আহত নিমাই শঙ্কামুক্ত রয়েছেন।