শিল্পী নিজামের বাঁচার আকুতি

‘আমার এ জীবন থেকে ঝরে যাবে দিন, হয়তো হবে না দেখা আর কোনো দিন’, ‘হেলা করে বেলা গেল এখন তাই ভাবনা, ও দিন গেলরে এ দেশে মোর নাই আপনা’। এ রকম অসংখ্য গানের গীতিকার, সুরকার ও শিল্পী নিজাম সরকারের (৫২) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। অর্থাভাবে চিকিৎসা করানো কষ্টসাধ্য হয়ে পড়ছে।
নিজাম কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ও সংগীতশিল্পী। বর্তমানে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, কিশোরগঞ্জে সপ্তাহে তাঁর দুবার ডায়ালাইসিস করতে হয়।
নিজামের বাবা আলী হোসেন সরকার শিল্পী ছিলেন। মা সাইয়েদুন নেসা সরকারও বিটিভির তালিকাভুক্ত শিল্পী। মা-ছেলে ২০০৪ সালে একই সঙ্গে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন।
নিজাম সরকার জানান, ২০০৮ সাল থেকে ডায়াবেটিসে ভুগছেন। এক বছর আগে তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে বলে ধরা পড়ে। সাত মাস ধরে প্রতি সপ্তাহে তাঁর দুবার ডায়ালাইসিস করতে হচ্ছে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গান শিখিয়ে যে উপার্জন, তা দিয়ে পরিবার চালান। পরিবারে এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছেন। মেয়ে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি করেজে স্নাতক শ্রেণিতে ও ছেলে নরসিংদীতে কারিগরি কলেজে পড়াশোনা করছেন। চিকিৎসা করাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। চিকিৎসকের পরামর্শে কিডনি প্রতিস্থাপন করার জন্য তিনি একজন ডোনার পেয়েছেন। তবে ডোনার ১০ লাখ টাকা দাবি করেছেন, যা তাঁর জন্য অসম্ভব।
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ আ ন ম নওশাদ খান বলেন, নিজাম সরকারের নিয়মিত ডায়ালাইসিস করছে। তাঁর দুটি কিডনি নষ্ট হয়েছে। সপ্তাহের দুবার করাতে গিয়ে ডিসকাউন্ট দেওয়ার পরও ছয় হাজার টাকা লাগে। তাঁকে একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
নিজাম সরকারকে সাহায্য পাঠানোর ঠিকানা : সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪১১৬০১০১৫৯৫৭ সোনালী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখা অথবা বিকাশ (ব্যক্তিগত) নম্বর- ০১৭১২৯৯৩৯১২।