শিল্পী পলাশের 'বাংলা মিনিয়েচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ঘরে ছবি অাঁকছেন শিল্পী পলাশ উদ্দীন খলিফা l ছবি: প্রথম আলো
নিজের ঘরে ছবি অাঁকছেন শিল্পী পলাশ উদ্দীন খলিফা l ছবি: প্রথম আলো

টেবিলের ওপর ছোট কাচের বাক্সে রাখা একটা চাল। আতশি কাচ নিয়ে বাক্সের ফোকরে তাকালেই দেখা মেলে চালের ওপর ভাষাশহীদ সালাম, বরকত, জব্বার, রফিক ও শফিউরের প্রতিকৃতি। বাক্সের পাশেই ছোট ছোট কাগজ। খালি চোখে দেখলে মনে হয় সাদা কাগজের ওপর একটা করে বিন্দু। কিন্তু ওই সব বিন্দুর ওপর আতশি কাচ ধরলে বিন্দুটাই হয়ে ওঠে উইলিয়াম শেক্সপিয়ার, মোনালিসার মুখ।
পাশেই আরেকটি বাক্সে একটি সরিষা দানার ওপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের পতাকা।
শুনতে অদ্ভুত লাগলেও সত্যি—ধান, চাল, লাউয়ের বিচি, সরিষা দানার মতো খুদে পটের ওপর এসব শিল্পকর্ম ফুটিয়ে তোলেন খুলনা পাবলিক কলেজের চারুকলার শিক্ষক পলাশ উদ্দীন খলিফা।
সম্প্রতি এক সন্ধ্যায় খুলনার বয়রায় কথা হয় পলাশের সঙ্গে, তাঁর ছোট আঁকার ঘরে। বিভিন্ন শিল্পকর্ম দেখাতে দেখাতে বলছিলেন তাঁর খুদে পটে আঁকার গল্প, ভবিষ্যতের স্বপ্নের কথা।
পলাশ বললেন, শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা মিনিয়েচার আর্ট। ছোট ছবি কিন্তু তাতে আছে ঐতিহ্যের ছোঁয়া। উপমহাদেশে সেই পাল যুগ থেকে শুরু করে মোগল সম্রাট আকবরের আমল পর্যন্ত এই শিল্পের ব্যাপক চর্চা হয়েছে। প্রায় নির্বাসনে যাওয়া মিনিয়েচার আর্টের অতীত ঐতিহ্য পুনরুজ্জীবিত করে ‘বাংলা মিনিয়েচার’কে তিনি পরিচয় করাতে চান দেশের ও বাইরের মানুষের কাছে।
পলাশ ভাবলেন, মোগল, চীনা, পারস্য মিনিয়েচার থাকলে বাংলা মিনিয়েচার নয় কেন! ঠিক করলেন, তাঁর শিল্পকর্মের নাম হবে বাংলা মিনিয়েচার। ভাবনা মতোই কাজ, ২০১১ সালে ঢাকার দৃক গ্যালারিতে নিজের ষষ্ঠ একক প্রদর্শনীতে শিল্পকর্মের নাম দেন ‘বাংলা মিনিয়েচার’।
পলাশের আঁকা ছবির বেশির ভাগই বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশের সেরা মানুষ, গ্রামবাংলার প্রকৃতি ও বিশ্বখ্যাত ব্যক্তির।
প্রায় ৬০০ শিল্পকর্মের মধ্যে উল্লেখযোগ্য: এক বর্গমিলিমিটার (বিন্দু) কাগজের ওপর উইলিয়াম শেক্সপিয়ার ও ইরানের আয়াতুল্লাহ খোমেনি। এক বর্গসেন্টিমিটার কাগজে জলরঙে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, নজরুল, বিবেকানন্দ, সুভাষ বসু, সত্যজিৎ রায়, জগদীশচন্দ্র বসু, তিতুমীর, রামমোহনসহ ৩৮ বাঙালি, একটি চালের গায়ে পাঁচ ভাষাশহীদের প্রতিকৃতি, চালের ওপর জলরঙের মোনালিসা। আছে তিন বাই পাঁচ মিলিমিটারের ক্যানভাসে মোনালিসার ছবি, যা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মোনালিসার ছবি বলে দাবি শিল্পীর।
একটি ধানের গায়ে ১৪ জন বিখ্যাত বাঙালির অবয়ব, গত বছরের ১২ ফ্রেব্রুয়ারিতে দুই নেত্রীর উদ্দেশে তাঁর লেখা খোলা চিঠির ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি, একটা সরিষা দানার ওপর জলরঙে বঙ্গবন্ধুর ছবি। সরিষার ওপর রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, নজরুল এবং বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের পতাকা।
নিজের লেখা কবিতা দিয়ে বানিয়েছেন ৪৮ পৃষ্ঠার ‘পৃথিবীর সবচেয়ে ছোট’ কবিতার বই নীলকষ্ট।
দেখা যায়, প্রতিকৃতি ছাড়াও ল্যান্ডস্কেপের অনেক কাজ করেছেন পলাশ। মুক্তিযুদ্ধকালীন দেশত্যাগী মানুষের স্রোত নিয়ে দুই বাই তিন সেন্টিমিটার কাগজে এঁকেছেন ‘রিফিউজি’। আছে ভাস্কর্যের কাজও। ১০ মিলিমিটার কাঠে বানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভাস্কর্য।
এ পর্যন্ত সাতটি একক, তিনটি যৌথ এবং ২৫টি দলীয় প্রদর্শনী হয়েছে পলাশের মিনিচেয়ার শিল্পকর্মের। পেয়েছেন কাজের সম্মাননাও। গত বছরের ১৪ নভেম্বর ঢাকার এথেনা গ্যালারি অব ফাইন আর্টসে পঞ্চম টোন আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনীতে টোন গ্লো পদক পেয়েছেন। ২০০৯ সালে বাংলাদেশ এন্টি ড্রাগ ইয়ুথ ফোরাম ঢাকা তাঁকে গুণীজন সম্মাননা পদক দেয়। ২০০৭ সালে পান ফোকাস বাংলাদেশ পারফরম্যান্স পদক। ২০০২ সালে ঢাকা চারুকলা অনুষদ আয়োজিত এক প্রদর্শনীতে তাঁকে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিপদক। ২০০১ সালে প্রধানমন্ত্রী সরিষার ওপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখে তাঁকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।

.
.

পলাশের কাজ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তিনি ভালো কাজ করছেন এবং একটা নতুন চিন্তাভাবনা আছে তাঁর মধ্যে। ক্ষুদ্র পটে সবকিছু তুলে ধরার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন। তাঁকে দেখে নতুন প্রজন্মের অনেকেই উৎসাহিত হবেন।
পলাশের ছবি আঁকা শুরু প্রথম শ্রেণিতে পড়ার সময় থেকেই। সে সময় একদিন টেলিভিশনে মুস্তাফা মনোয়ার একটা বাচ্চা মেয়ের ব্রাশ করার ছবি দেখতে পান। ছবিটা এত ভালো লাগে যে তিনি আঁকা শুরু করেন। প্রতিদিন কাঁচা হাতে ছবি এঁকে নানিকে দেখাতেন। নানিও উৎসাহ দিতেন। বেড়ে যায় আগ্রহ। এরপর ছোট চাচার কাছ থেকে রং চেয়ে নিয়ে রং করতেন।
এত ছোট ছবি আঁকেন কীভাবে, এমন প্রশ্নের জবাবে পলাশ বলেন, ‘আমার নিজের বানানো তুলি আছে। তা ছাড়া রাই সরিষা নিয়ে সেটা সোনামুখী সুইয়ের মধ্যে ঢুকাই। তারপর সেটা সাবানের গায়ে গেঁথে দিই। এতে সরিষা দানা ইচ্ছামতো ঘোরানো যায়।’
সাধারণত রাতে কাজ করেন পলাশ। জানালেন, একটি ছবি আঁকতে এক থেকে তিন দিন পর্যন্ত লাগে। কখনো বেশিও লাগে। নির্ভর করে মুডের ওপর।
২০০৫ সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত এই শিল্পীর কাজের প্রেরণা তাঁর পরিবার। স্ত্রী নিগার সুলতানা এবং দুই কন্যা রাকা ও চারুকে নিয়ে সুখের সংসার তাঁর।
খুদে পটের এই শিল্পীর একটাই স্বপ্ন—নিজের খরচে হলেও বাংলা মিনিয়েচারের প্রদর্শনীর মাধ্যমে বাংলার শিল্পকে সারা বিশ্ব ছড়িয়ে দেওয়া।