শিল্পী ফখরুল ইসলাম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পী ফখরুল ইসলাম আর নেই। তিনি হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ৬ এপ্রিল দিবাগত রাত দুইটা ৩০ মিনিটে ধানমন্ডির ইব্রাহিম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। দীর্ঘদিন থেকে তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন। শিল্পী ফখরুল ইসলাম ১৯৬৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সিরামিক বিভাগ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। চীন সরকারের বৃত্তি নিয়ে ১৯৮৮-৯০ দুই বছর বেইজিংয়ে শিল্পকলার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান ও চীনে তাঁর ১৭টি একক প্রদর্শনী হয়েছে। তরুণ শিল্পীদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। ছোটবড় অনেকেই তাঁকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। গতকাল শুক্রবার সকালে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শিল্পী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তাঁর কলাবাগানে বশিরউদ্দিন রোডের বাসভবনে উপস্থিত হতে থাকেন। দুপুরে কলাবাগান মসজিদে জনাজার পর তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, চারুকলা অনুষদের ডিন মতলুব আলী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী, শিল্পী নাসিম আহমেদ, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্যসহ বিপুলসংখ্যক শিল্পীবন্ধু তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বিকেলে আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজার পর সেখানে তাঁর দাফন সম্পন্ন হয়।