শিল্পী বাবুয়া বোসের চিরবিদায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রসেনজিৎ বাবুয়া বোস পরলোকগমন করেছেন। দীর্ঘ অসুস্থতায় ভুগে গতকাল সোমবার ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি ‘বসুভিলা’য় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক ছেলে রেখে গেছেন।
সকাল সাড়ে ১০টায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে বাবুয়া বোসকে গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর ১২টায় শহরের বামনপাড়া কেন্দ্রীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় তাঁর।
বাবুয়া বোসের প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন ছাড়াও সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জল্লাদের দরবার নাটকে লারকানার নবাবজাদা ওরফে ভুট্টোর চরিত্রে অভিনয় ছাড়াও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন বাবুয়া বোস। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফ্ফর) ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মেহেরপুর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।