শিল্পী মীনা বশীর আর নেই
চলে গেলেন দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী মীনা বশীর। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মীনা বশীরের বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর স্বামী দেশের প্রখ্যাত শিল্পী ও সুরকার বশীর আহমেদের মৃত্যুর মাত্র চার মাসের মাথায় মীনা বশীরও চলে গেলেন। তিনি এক ছেলে শিল্পী রাজা বশীর, মেয়ে হুমায়রা বশীর ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুর জহুরী মহল্লা জামে মসজিদে জানাজার পর তাজমহল রোডসংলগ্ন মোহাম্মদপুর কবরস্থানে স্বামীর কবরের পাশেই মীনা বশীরকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মীনা বশীরের জন্ম ১৯৫৯ সালের ১৬ মে ভারতে। ভালোবেসে শিল্পী বশীর আহমেদকে বিয়ে করে তিনি এ দেশে এসেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছর ১৯ এপ্রিল বশীর আহমেদের মৃত্যুর পর থেকেই তিনি ভেঙে পড়েন। তাঁর খাবারে রুচি ছিল না। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। প্রায়ই তাঁকে হাসপাতালে ভর্তি করা হতো এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হতো। গত বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। রাতে মোহাম্মদপুরের বাড়িতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মীনা বশীর ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ‘বিশেষ শ্রেণির’ শিল্পী। বেশ কিছু চলচ্চিত্রের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘যা যা উড়ে যা’, ‘কত রাত ভেবেছি’, ‘সবাই আমায় প্রেমিক বলে’ ‘ওগো প্রিয়তম ওরা জানতে চেয়েছে’ এসব।