শিল্পী মুর্তজা বশীর আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী মুর্তজা বশীর
শিল্পী মুর্তজা বশীর

শিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শিল্পীকে বৃহস্পতিবার আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তাঁর কোনো ঝুঁকি নেই।
একই হাসপাতালে শিল্পীর স্ত্রী আমিনা বশীরও ভর্তি আছেন। আমিনা বশীর ‘লাইফ সাপোর্টে’ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, আমিনা বশীর বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে আছেন। স্ত্রীকে দেখভালের জন্য মুর্তজা বশীরও হাসপাতালে তাঁর পাশে থাকতেন। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মুর্তজা বশীরের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সম্পূর্ণ সজ্ঞান। তাঁর কোনো ঝুঁকি নেই।’
মুর্তজা বশীরের মেয়ে মুনিরা বশীর বলেন, ‘মা লাইফ সাপোর্টে আছেন। বাবার অবস্থা স্ট্যাবল।’ তিনি জানান, গত রোববার রাতে তাঁর বাবা অ্যাপোলো হাসপাতালের লিফটে আটকে পড়েছিলেন। তিনি হুইলচেয়ারে ছিলেন। রাত ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত হাসপাতালের ওই লিফট যান্ত্রিক গোলযোগের কারণে আটকে থাকে। এতে অতিরিক্ত গরমে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাঁর অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর রক্তাক্ত আবুল বরকতকে যাঁরা হাসপাতালে নিয়ে যান, মুর্তজা বশীরও তাঁদের মধ্যে ছিলেন।