শিল্পী-রেহানাদের চোখে নতুন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেহানার ছবিটি সংগৃহীত
রেহানার ছবিটি সংগৃহীত

‘এক হাত ছেড়ে হাঁটো। দেখো তো না ধরে হাঁটতে পারো কি না। ও, ব্যথা করছে, তাহলে একটু বসো। আরে দেখো না, ওর তো দুই পা-ই নেই, তোমার তো একটি পা আছে, ও পারলে তুমিও পারবে।’

সাভারের রানা প্লাজার আহত শ্রমিক শিল্পীর কৃত্রিম পা লাগানোর পর অনুশীলনের একপর্যায়ে এভাবেই সাহস দেওয়ার চেষ্টা করছিলেন থাইল্যান্ডের এক দল বিশেষজ্ঞ চিকিত্সক। আজ বৃহস্পতিবার দুপুরে  থাইল্যান্ডের বিশেষজ্ঞ দলের কথাগুলো শিল্পীকে বাংলায় বলে দিচ্ছিলেন থাই দূতাবাসের একজন প্রতিনিধি।

আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত) সাভারের রানা প্লাজা ধসে আহত শ্রমিক এবং বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত লোকজনকে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানোর এ কার্যক্রম চলছে।

মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফরে গিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে রানা প্লাজা ধসে আহতদের কৃত্রিম পা লাগানোর কাজে সহায়তা করার জন্য অনুরোধ জানান। পরে থাইল্যান্ড সরকারের ৬০ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশে আসে। ২৩ সেপ্টেম্বর কৃত্রিম পা লাগানোর কার্যক্রম শুরু করেন তাঁরা। আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে আহতদের মধ্যে কৃত্রিম পা হস্তান্তর করা হবে। রানা প্লাজার আহত সাতজন শ্রমিক এবং অন্যান্য দুর্ঘটনায় আহত ১০০ জন মানুষ কৃত্রিম এই পা লাগানোর সুযোগ পাচ্ছেন।

শিল্পী একটু একটু করে হাঁটছেন আর বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা এসে বিভিন্ন জায়গার নাট-বল্টু ঠিকঠাক করে দিচ্ছিলেন। এ সময় শিল্পীর প্রচণ্ড কষ্ট হলেও চোখে ছিল খুশির ঝিলিক।

শিল্পী প্রথম আলো ডটকমকে বলেন, ‘পা হারানোর পর কখনো চিন্তা করিনি আবার হাঁটতে পারব। এখন হাঁটতে পারছি। খুব ভালো লাগছে।’

পা লাগানোর অনুশীলন শেষে শিল্পী সাভারের সিআরপিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত কয়েক দিন তিনি সাভার থেকে এসে এ অনুশীলনে অংশ নিচ্ছেন।

শিল্পীর হুইল চেয়ারটি ধরে ছিলেন তাঁর স্বামী বিপ্লব শেখ। এ দম্পতির সাত বছরের একটি মেয়েও আছে। মেয়ে তাঁর বাবার কাছেই থাকে।

রানা প্লাজা দুর্ঘটনায় আহত হওয়ার পর নারী শ্রমিকদের অনেককেই তাঁর স্বামী ছেড়ে চলে গেছেন। আবার বিয়েও করেছেন। এ প্রসঙ্গে বিপ্লব শেখ বলেন, ‘এ অবস্থা তো আমারও হতে পারত। আর ছাড়লে তো দুর্ঘটনার পরেই ছাইড়া দিতাম। বউরে ছাড়ি নাই যখন আর ছাড়বও না। ও তো আমার মেয়েরও মা।’

শিল্পী একদিকে কৃত্রিম পায়ের সাহায্যে উঠে দাঁড়ানো এবং ভবিষ্যতে হাঁটতে পারার স্বপ্ন দেখেছেন একটু আগে। আর স্বামীর মুখ থেকে এ ধরনের আশ্বাস পেয়ে শিল্পীর মুখে জীবনকে নতুনভাবে জয় করার প্রত্যয় ফুটে উঠল।

অনুশীলন শেষ করে চেয়ারে বসে ছিলেন সাভারের আরেক আহত শ্রমিক রেহানা বেগম। অবিবাহিত রেহানার দুই হাঁটুর ওপর থেকে দুটো পা-ই বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে দুটি কৃত্রিম পা বানিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিত্সায় এ পর্যন্ত খরচ হয়েছে পাঁচ লাখ টাকা। টাকা দিয়েছে পোশাক প্রস্তুতকারক মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএ।

রেহানার বাবা মারা গেছেন। মা আর ছোট দুই ভাই আছে। এক ভাই পড়াশোনা করছে। অন্য ভাই বেকার। রেহানা বর্তমানে সিআরপিতে থাকছেন।

কৃত্রিম পা পাওয়ার অনুভূতি জানতে চাইলে পাবনার রেহানা বলেন, ‘উঠে দাঁড়াতে পারতাম না। এখন দাঁড়াতে পারি। পুরোপুরি হাঁটতে পারব সে আশা করি না। তবে এখানকার সবাই খুব সাহস দিচ্ছে। আমিও একটু একটু কইরা সাহস পাইতাছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রেহানা ১৫ লাখ টাকা এবং শিল্পী ১০ লাখ টাকার সঞ্চয়পত্র পেয়েছেন।

সাতক্ষীরার আহছানিয়া নজির-গ্যাগডি নলতা হাসপাতালের কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারী জসিম উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টঙ্গী ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উত্পাদন কেন্দ্রের আবুল হাশেম আগারগাঁওয়ের হাসপাতালটিতে কৃত্রিম পা লাগানোর কার্যক্রমটি দেখতে এসেছেন। কৃত্রিম পা লাগানোর পর যদি কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয় তাহলে তাঁদের প্রতিষ্ঠান তা দিতে রাজি, এ কথা জানাতে এসেছেন। হাসপাতালে আসা অন্যরাও শিল্পী, রেহানাদের সাহস দিচ্ছিলেন।

থাইল্যান্ডের বিশেষজ্ঞ দলের কয়েকজন প্রতিনিধিরও পা নেই। তাঁরাও কৃত্রিম পায়ের সাহায্যে চলাচল করছেন। এই কৃত্রিম পা লাগানো প্রতিনিধিরা শিল্পী, রেহানাদের কৃত্রিম পা লাগাচ্ছিলেন অত্যন্ত মমতা ও যত্নের সঙ্গে। কেননা তাঁরা পা না থাকার যে কী জ্বালা তা তো জানেন।