শিল্পী শফিকুল আমীন আর নেই
বরেণ্য শিল্পী শফিকুল আমীন (৯৯) আর নেই। গতকাল সোমবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মূত্রথলির ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন এই শিল্পী। গতকাল দুপুরে শিল্পীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনা হলে বরেণ্য শিল্পী রফিকুন নবী, হাশেম খান, মনিরুল ইসলাম, সমরজিৎ রায়, মতলুব আলী, হামিদুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিশ্ববিদ্যালয় মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।শিল্পী শফিকুল আমীন ভারতের শিলং শহরে ১৯১২ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৩৮ সালে কলকাতা সরকারি চারুকলা কলেজ থেকে ছয় বছরের কোর্স সম্পন্ন করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা চারুকলা কলেজে শিক্ষক হিসেবে যোগদান এবং ১৯৬৮ সালে অবসর গ্রহণ করেন। তিনি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠার ক্ষেত্রে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্মক্ষেত্রে অবদানের জন্য তাঁকে ‘তমঘা-ই-ইমতিয়াজ’ উপাধি প্রদান করে। ২০০৭ সালে জাতিসংঘের পক্ষ থেকে তাঁকে ‘বয়স্ক সম্মাননা’ সনদ প্রদান করা হয়।