শিল্পী শাহ্জাহানের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি এঁকে পুরস্কার পেয়েছেন শাহ্‌জাহান
ছবিটি এঁকে পুরস্কার পেয়েছেন শাহ্‌জাহান

বাংলাদেশের শিল্পী অধ্যাপক শাহ্জাহান আহ্মেদ জাপানের মনবু-কাগাকু-দাইজিনশো পুরস্কার পেয়েছেন। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১ অক্টোবর এই পুরস্কার দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। জাপানের টোকিওতে মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে বসেছিল আসরটি। অধ্যাপক শাহ্জাহান আহ্মেদের শিল্পকর্মের শিরোনাম ‘ব্লুম টাইম অব হান্ড্রেড ইয়ার’। এটি রবীন্দ্রনাথের একটি পোট্রে৴ট।
১৯১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাপান সফর করেছিলেন। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন জাপানের শিল্প-সংস্কৃতির পথিকৃৎ ওকাকোরা তেনশেন। তাঁরই শতবর্ষ পূরণ হলো। জাপানি ও বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বের শত বছর পূর্তির নিদর্শন ও শ্রদ্ধা নিবেদনের জন্যই ছিল এই আয়োজন।
মূলত মনবু-কাগাকু-দাইজিনশো পুরস্কারটি দেওয়া হয়ে থাকে কোনো জাপানি শিল্পীকেই। কিন্তু এবার ঘটল তার ব্যতিক্রম। বিশ্বকবির জাপান সফরের ১০০ বছর পূর্তি উপলক্ষে এবং রবীন্দ্রনাথ-ওকাকোরার বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবার পুরস্কারটি দেওয়া হলো একজন বাঙালিকে। পরবর্তীকালে এই ছবিটি টেনশিন মেমোরিয়াল ইজরা আর্ট মিউজিয়ামে স্থায়ীভাবে রাখা হবে।
এ ছাড়া কিওকুবি সেমি গ্র্যান্ড পুরস্কার লাভ করেন বাংলাদেশের গ্লোরিয়া ফাউন্ডেশনের চারুকলাবিষয়ক সম্পাদক ও বাংলাবাজার সরকারি গার্লস স্কুলের চারুকলা শিক্ষক শিল্পী ফজলুর রহমান। তাঁর ছবির শিরোনাম ‘গ্লোবাল টাইগার’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের এনপিও ইন্টারন্যাশনাল আর্টিস্ট সাতুইয়ানো-কাই-এর চেয়ারশ্যান তাদাচি সাকামতো, রিনরি ডব্লিউ ও মানাবু-কাউ-এর প্রেসিডেন্ট তাসিকাতসু হাসুমি, আবিকো সিটির মেয়র জুনিচিরো হোসিনো, সানো সিটির মেয়র মাসাহিদে ওকাবেসহ বাংলাদেশ, মিয়ানমার, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতেরা। জাপান সরকারের প্রতিনিধিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।