শিল্পী সুবীর চৌধুরী আর নেই

চিত্রশিল্পী ও শিল্প সংগঠক সুবীর চৌধুরী মারা গেছেন। অস্ট্রেলিয়ায় চিকিত্সাধীন অবস্থায় তিনি আজ সোমবার ভোরে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি মস্তিষ্কের শিরায় ক্যানসার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অগণিত বন্ধু ও সুহূদ রেখে গেছেন।
বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি শিল্পী সুবীর চৌধুরী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এক বিবৃতিতে শিল্পী সুবীর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বেঙ্গল গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুবীর চৌধুরী বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত ও দেশে-বিদেশে বাংলাদেশের চিত্রকলাকে পরিচিত করতে নিরন্তর কাজ করেছেন। এ লক্ষ্যে তিনি বহু প্রদর্শনীর আয়োজন করেছেন। ঢাকা এশীয় দ্বি-বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।
‘জন্মভূমির গান’ শিরোনামে বাংলাদেশের চিত্রশিল্পীদের একটি প্রদর্শনী উপলক্ষে ১৬ মার্চ সুবীর চৌধুরী অস্ট্রেলিয়া সফরে যান। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ক্যানবেরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সাকালে তাঁর মস্তিষ্কের শিরায় জটিলতা ধরা পড়ায় সিডনির ওয়েস্টমিড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান এই শিল্পী।
সুবীর চৌধুরীর একমাত্র ছেলে স্থপতি ইমন চৌধুরী উচ্চতর শিক্ষার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আছেন। তিনি তাঁর বাবার শয্যাপাশে ছিলেন।
সুবীর চৌধুরী ১৯৫৩ সালের ২২ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। ষাটের দশকের মধ্য পর্যায়ে আইয়ুববিরোধী আন্দোলনের সময় তিনি কারারুদ্ধ হন। মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলকাতার লিয়াজোঁ অফিসের সঙ্গে যুক্ত থেকে মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রাখেন। তিনি ১৯৭৪ সালে চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রকলা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন ও পরবর্তী সময় এই বিভাগের পরিচালক হন। ২০০৪ সালে তিনি বেঙ্গল গ্যালারির পরিচালক হন। পরে তিনি বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক ও ট্রাস্টি হন।