শিল্পী সুলতানের জন্মবার্ষিকী পালিত
চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে গতকাল সারা দিনই নড়াইলের সুলতান কমপ্লেক্স চত্বর ছিল মানুষে পরিপূর্ণ।
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামের এক রাজমিস্ত্রির ঘরে জন্ম নেন সুলতান। তাঁর ডাক নাম ছিল লাল মিয়া। তাঁর আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকর্মের সঙ্গে প্রদর্শিত হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে তাঁর ছবি প্রদর্শিত হয় লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট ও লেইস্টার গ্যালারিতে।
শিল্পীর জন্মদিনে গতকাল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। দিনের শুরুতে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।