শিল্পী হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে শিল্পী হত্যা মামলায় সাবেক স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কাওড়াইল গ্রামের রবিউল ইসলাম ও সাইদুল ইসলাম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালে কাওড়াইল গ্রামের রবিউল ইসলামের সঙ্গে একই এলাকার শিল্পীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন শিল্পীর ওপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে তাঁকে সেখান থেকে ছাড়িয়ে এনে অন্য জায়গায় বিয়ে দেয় শিল্পীর পরিবার। ২০০৯ সালের ১২ জুন স্বামীর বাড়ি থেকে নানির বাড়ি যাওয়ার পথে শিল্পী নিখোঁজ হন। পরদিন তাড়াশ শ্মশানঘাটে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় শিল্পীর বাবা সোলেমান রবিউল ও সাইদুলসহ ১০ জনকে আসামি করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।