চলচ্চিত্রশিল্পীদের যাঁরা একসময় অর্থনৈতিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারেন না, কষ্টে জীবন যাপন করেন, তাঁদের জন্য আর্থিক তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা তাঁর ভাষণে চলচ্চিত্রশিল্পী, পরিচালক ও প্রযোজকদের উদ্দেশে বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছবি নির্মাণের জন্য ৫৮ কোটি টাকা ব্যয়ে এফডিসিতে কারিগরি সুবিধা দেওয়ার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। আপনারা ভালো ছবি উপহার দেবেন, আমরা আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’ প্রধানমন্ত্রী বিশেষ করে সৃজনশীল ও শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রে অশ্লীলতার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কর্তৃপক্ষকে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিচ্ছি। আর ভিডিও পাইরেসি বন্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন।পরে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননার পুরস্কার দেওয়া হয়। এবার এ সম্মানে ভূষিত হয়েছেন সুলতানা জামান। তিনি হুইল চেয়ারে করে মঞ্চে উঠতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মঞ্চ থেকে নেমে গিয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী ২০০৯ সালের অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়েছেন—অঞ্জন চৌধুরী পিন্টু, অহিদুজ্জামান ডায়মন্ড, তানজীল আহমেদ, চঞ্চল চৌধুরী, ফেরদৌস, শহিদুল আলম সাচ্চু, মামুনুর রশীদ, পপি, নিপুণ, এ টি এম শামসুজ্জামান, মাহফুজুর রহমান খান, আলম খান, কুমার বিশ্বজিৎ, সৈয়দা অহিদা সাবরিনা, জারকান, গিয়াসউদ্দিন সেলিম, মুজতবা সউদ, চন্দনা মজুমদার, কৃষ্ণকলি, কবির বকুল, সুজন মাহমুদ, জুনায়েদ হালিম, কলন্তর, খলিলুর রহমান ও দিলীপ সিং।পুরস্কার দেওয়ার পর ছিল চলচ্চিত্রশিল্পী ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।