শিল্পীদের পদচারণে মুখর এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্বিনী কুমার হলে গতকাল মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননায় অতিথিদের সঙ্গে শিল্পীরা l প্রথম আলো
অশ্বিনী কুমার হলে গতকাল মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননায় অতিথিদের সঙ্গে শিল্পীরা l প্রথম আলো

বরিশাল নগরের অশ্বিনীকুমার হল গতকাল বুধবার সকাল ১০টায় মুখরিত হয়ে ওঠে। একসঙ্গে অনেক শিল্পীর আগমনে আলোকিত হয়ে ওঠে হল। মৃৎশিল্পীদের সম্মেলন ও সম্মাননার আয়োজন ছিল ওই হলে। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের িডন সৈয়দ আবুল বারক আলভী।
আরাধনার দেবী দুর্গতি নাশিনী দুর্গার রূপদানকারী এ রকম ১২০ মৃৎশিল্পীকে সম্মান জানানোর জন্যই ছিল ওই আয়োজন। যাঁরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগরসহ জেলার ৫৫৮ মন্দিরে প্রতিমা নির্মাণ করেছেন।
এঁদের সম্মান জানাতে উপস্থিন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুশিল্পী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা। শ্রেষ্ঠ শিল্পীদের সম্মিলনে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। প্রত্যেককে নগদ ৫০০ টাকা, নতুন বস্ত্র ও অন্যান্য উপকরণ উপহার দেওয়া হয়। বরিশাল মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উদ্যাপন পরর্ষদ ওই সম্মাননার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাটিতে কোনো ভেজাল নেই। তেমনি আগুনেও কোনো ভেজাল নেই। মৃৎশিল্পীরা মাটি ও আগুন নিয়ে কাজ করেন। তাঁরা সমাজের প্রকৃত শিল্পী এবং খাঁটি মানুষ। এঁদের সম্মান জানানো এবং বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।
সম্মাননা পাওয়া মৃৎশিল্পীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিমা নির্মাণ শেষে যা পারিশ্রমিক দেওয়া হয় তা নিয়েই সন্তুষ্ট থাকতেন তাঁরা। সাধারণত প্রতিমা তৈরির পর আর কেউ খোঁজ নেন না। প্রতিমাশিল্পীদের জন্য সম্মাননার আয়োজন জীবনের বড় পাওয়া বলে মনে করেন তাঁরা।
এ রকমই অনুভূতির কথা জানান আগৈলঝাড়া উপজেলার বুলি রানী পাল, গোলাপী রানী পাল, সবিতা রানী পাল, কানন রানী পালসহ অনেকে।
৮২ বছর বয়সী মৃৎশিল্পী অনিল চন্দ্র পাল জানান, ছোটবেলায় বাবার সঙ্গে কাজ শুরু করেন তিনি। প্রতিমা নির্মাণকাজে ৭০ বছর অতিক্রম করেছেন। তাঁদের গড়া প্রতিমায় ভক্তরা পূজা করেন। এর বাইরে আর কিছু চাওয়া-পাওয়ার ছিল না। সম্মাননা জানানোয় কাজের একটা স্বীকৃতি পাওয়া গেছে, যা কোনো দাম দিয়ে পাওয়া সম্ভব নয়।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন সৈয়দ দুলাল, শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক চিন্ময়ী সিকদার, বরিশাল মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম প্রমুখ।