শিল্পীর জ্ঞান ফিরেছে, সেই যুবক এখনো অচেতন
হাসি ফুটেছে কুলসুম বেগমের মুখে। টানা ১৬ দিন পর জ্ঞান ফিরেছে ভাতিজি শিল্পীর। মেয়ের জ্ঞান ফেরার খবর পেয়ে অসুস্থ শরীরে রংপুর থেকে মা হালিমা ছুটে এসেছেন। গতকাল শুক্রবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে আবেগাপ্লুত হয়ে বলছিলেন হালিমা, ‘মাইয়ার জ্ঞান ফিরছে। বুক থিকা পাষাণ ভার নামি গেছে।’ হাসি ফুটেছে মায়ের মুখে। রানা প্লাজা ধসে গুরুতর আহত অবস্থায় ২৪ এপ্রিল রংপুরের পীরগঞ্জের শিল্পীকে এনাম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। ওই দিন রাতেই তাঁর চাচি কুলসুম ও শিল্পীর ভাই মতিয়ার রহমান ঢাকায় আসেন। পরদিন সকালে তাঁরা এনাম হাসপাতালে শিল্পীকে খুঁজে পান। শিল্পীর বাবা জহির উদ্দিন ও মা হালিমা অসুস্থ থাকায় তাঁরা ঢাকায় আসতে পারেননি।
শিল্পীর জ্ঞান ফেরার অপেক্ষায় কুলসুম বেগম ও মতিয়ার রহমান হাসপাতালের আইসিইউর বারান্দাতেই অবস্থান করছিলেন। ঢাকায় তাঁদের কোনো আত্মীয় নেই। তিন বেলা কিনে খেতে হচ্ছে। বাড়ি থেকে আনা টাকায় টান পড়ায় গত কয়েক দিন থেকে তাঁরা সকালে ও সন্ধ্যায় দুই বেলা খেয়ে শিল্পীর জ্ঞান ফেরার প্রতীক্ষা করছিলেন। সেই প্রতীক্ষার অবসান হলো গত বৃহস্পতিবার। কুলসুমদের এই প্রতীক্ষা নিয়ে ৯ মে ‘কুলসুম বেগমের বেলা-অবেলা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক সুদীপ সাহা জানালেন, শিল্পীর রক্তচাপ কমে গিয়েছিল, তবে এখন অবস্থার উন্নতি হচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। আরও দু-এক দিন আইসিইউতে রেখে তাঁকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হবে। আশা করা যায়, দুই সপ্তাহ পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যাবে।
ওদিকে আইসিইউর বারান্দায় একই সঙ্গে বসে থাকা রংপুরের মুনজেলার মুখ অন্ধকার। দিনে দিনে তাঁর দুশ্চিন্তা বাড়ছে। আইসিইউতে একই সঙ্গে ভর্তি হওয়া সংজ্ঞাহীন তিনজনের মধ্যে আগেই শাহিনার জ্ঞান ফিরেছিল। বৃহস্পতিবার জ্ঞান ফিরেছে শিল্পীর। কিন্তু তিনি যাঁকে ছেলে বলে চিনেছেন, গতকাল শুক্রবারও সেই যুবকের জ্ঞান ফেরেনি। এই যুবকটিকেই দুজন মা তাঁদের ছেলে বলে দাবি করেছিলেন। মাথায় গুরুতর আহত যুবকটির মাথার ব্যান্ডেজ খোলার পর মানিকগঞ্জের শুক্কুরি বেগম তাঁকে তাঁর ছেলে নয় বলে চিনতে পেরে চলে গেছেন হাসপাতাল ছেড়ে। কিন্তু মুনজেলা দৃঢ়ভাবে বলছেন, যুবকটি তাঁর ছেলে মনোয়ার হোসেন। ওই দুই মাকে নিয়ে গত ৩০ এপ্রিল ‘কাছের মা দূরের মা’ এবং ৯ মে ‘দূরের মায়ের দুঃখ ঘোচেনি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানালেন, যুবকটির অবস্থা এখনো সংকটাপন্ন। মাথায় গুরুতর আঘাত, দুটি পা-ই ভেঙে গেছে। তবে রক্তচাপ ও হূৎস্পন্দন ভালো আছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাঁকে ভেন্টিলেশন দিয়ে রাখা হবে। এর মধ্যে সংজ্ঞা ফিরে না এলে নাক থেকে নল খুলে বিকল্প শ্বাসপ্রশ্বাস ও খাদ্য গ্রহণের ব্যবস্থা করা হবে।
উদ্ধার করতে গিয়ে নিজেই অসুস্থ: রানা প্লাজায় দুর্ঘটনার দিন থেকেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন জিয়াউদ্দিন। অসুস্থ হয়ে পড়ায় গত বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়েছে এনাম হাসপাতালের আইসিইউতে।
ভোলার চরফ্যাশনের এই যুবক কাজ করেন গাজীপুরের একটি সোয়েটার কারখানায়। থাকেন টঙ্গীর আউচপাড়ায়। গতকাল বিকেলে উদ্ধারকাজের সময় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। দমকলকর্মী ও সেনাসদস্যরা তাঁর মুখে-মাথায় পানির ছিটা দিলে তিনি জ্ঞান ফিরে পান। কিন্তু শুরু হয় ঘন ঘন বমি। প্রথমে তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, জিয়াউদ্দিনের অবস্থা এখন ভালো। অতিরিক্ত বমনে শরীর দুর্বল হয়ে পড়েছিল। শ্বাসকষ্টও ছিল। অক্সিজেন দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
জিয়াউদ্দিন বলেন, ‘শরীর দুর্বল মনে হচ্ছিল। মাথার ভেতরে চক্কর দিয়ে পড়ে যাই। এখন ভালো আছি।’ সুস্থ হয়ে আবার উদ্ধারকাজে অংশ নেবেন উল্লেখ করে বলেন, ‘আমার সাথের লোকেরা বাড়িতে যাইতে বলতাছে। কিন্তু মনডা টানে না। আমি নিজেও একজন শ্রমিক। এত মানুষ মারা গেল!’ যদি শরীর না কুলায় সেটি অন্য কথা, তবে তাঁর মনের ইচ্ছা, উদ্ধারকাজের শেষ পর্যন্ত অংশ নেবেন।