শিল্পীর তুলিতে প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি আঁকতে খ্যাতিমান শিল্পীদের একটি দল বান্দরবানে এসেছে। ‘শিল্পীর তুলিতে বান্দরবানের প্রকৃতি’ শীর্ষক ক্যাম্পে অঙ্কনের পাশাপাশি শৈল্পিক মননের সংবেদনশীল আবেগে এখানকার নৈসর্গিক সৌন্দর্য তাঁরা উপভোগও করছেন বলে শিল্পীরা জানিয়েছেন।
গতকাল বুধবার জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে দেখা হয় শিল্পীদের ওই দলের সঙ্গে। বনবেষ্টিত পাহাড়ে একটি অবকাশ যাপনকেন্দ্রের ছাদে নিবিষ্ট মনে ছবি আঁকছিলেন শিল্পী রফিকুন নবী। তিনি বলেন, তাঁর ছবির নাম হবে ‘বান্দরবানে আমার এক দিন’। তাঁর ছবিতে পাহাড়, বন ও নৈসর্গিক প্রকৃতিতে পাহাড়িয়া জীবনের প্রতিকৃতি উঠে এসেছে। শিল্পী কাইয়ুম চৌধুরী এঁকেছেন শরতের আকাশে চির সবুজ পাহাড়ের অনাবিল দৃশ্য। সেখানে সবুজে বেষ্টিত পাহাড়ের ভাঁজে ভাঁজে আদিবাসী জনপদের চিহ্ন উঠে এসেছে।
একটি সংস্থার সহযোগিতায় গত সোমবার আটজন শিল্পী বান্দরবানে এসেছেন। শিল্পী সুবীর চৌধুরী বলেন, বান্দরবানের অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য বারবার টেনে আনছে। তিনি ছাড়াও এবার কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সমরজিৎ রায়চৌধুরী, তাহেরা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আফজাল, ফরিদা জামান ও কনকচাঁপা চাকমা এখানে এসেছেন।