শিল্পীর তুলিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত দিয়েই বাংলাদেশের চিত্রকলায় আধুনিক যুগের শুরু। আধুনিক কিন্তু লোকজ বিষয়কে ছবির বিষয়বস্তু করেছেন। কামরুল হাসানের ছবিতে নারী ছিল প্রধান বিষয়। এস এম সুলতানের ছবিতে মাটি ও মানুষ, বিশেষ করে কৃষিজীবী মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তা জানিয়ে দেয় ‘মানুষই মহান’।

গতকাল মঙ্গলবার বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলছিলেন এসব কথা। বক্তব্যের বিষয় ছিল ‘বাংলাদেশের আধুনিক চিত্রকলায় মানুষ’।

নজরুল ইসলাম একজন প্রকৌশলী হলেও তাঁর অনুরাগ চিত্রকলায়। জয়নুল আবেদিন, কামরুল হাসান থেকে শুরু করে এই সময়ের নবীন শিল্পীদের কাছাকাছি থেকে তাঁদের কাজ তিনি দেখেছেন। তাই মৌলভি শামসুদ্দিন আহমদ স্মারক বক্তৃতার বক্তা তিনি। শিল্পানুরাগী শামসুদ্দিন আহমদ ভারতীয় মুদ্রা ও খোদাই লিপি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন।

নজরুল ইসলাম বলেন, সফিউদ্দিন আহমেদের প্রিয় বিষয় প্রকৃতি হলেও গ্রামীণ ও শহুরে নিম্নবিত্তের ছবি তিনি এঁকেছেন। হামিদুর রহমান, আমিনুল ইসলামের ছবিতে সংগ্রামী মানুষ এসেছে; আবার আবদুর রাজ্জাক, কাজী আবদুল বাসেত, মুর্তজা বশীর এঁকেছেন গৃহবাসী মানুষের নিস্তরঙ্গ জীবনের ছবি। কাইয়ুম চৌধুরী মুক্তিযুদ্ধের পটভূমিতে এঁকেছেন নরনারীর ছবি। বিমূর্ত ধারার শিল্পী মোহাম্মদ কিবরিয়া পঞ্চাশের দশকে এঁকেছিলেন কিছু মানুষকেন্দ্রিক ছবি। সাহসী মুক্তিযোদ্ধার ছবি মানেই যেন প্যারিসপ্রবাসী শিল্পী শাহাবুদ্দিনের ছবি। স্পেনপ্রবাসী শহীদ কবির তরুণ বয়সে বাউলের ছবি আঁকতেন, এখন আঁকছেন গ্রামীণ ও শহুরে নিম্নবর্গের মানুষ।

সূচনা বক্তৃতার পর বিভিন্ন শিল্পীর আঁকা ছবি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

ফিরোজা বেগম যেন কাছেই ছিলেন

অনুষ্ঠানটিকে ‘ঘরোয়া’ বললে বেশি বলা হবে না। ছোট্ট পরিসরে আয়োজন। বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ প্রতি সপ্তাহে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাড়িতে আয়োজনটি করে থাকে। কিন্তু গতকালের আয়োজনটি নিয়মিত আয়োজনের অংশ হলেও ছিল ব্যতিক্রমী। এ দিন এই প্রয়াত কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে স্মরণ করা হলো ভালোবাসায় সিক্ত হয়ে। পুরো অনুষ্ঠানে ফিরোজা বেগম যেন কাছেই ছিলেন। আয়োজনটির শিরোনাম ‘আমি চিরতরে দূরে চলে যাব...’।

মঞ্চ ছিল না, তবে শিল্পীরা যেখানটিতে বসেছিলেন, তার পেছনে কালো রঙের একটি ব্যানারে ছিল চিরচেনা স্মিত হাসির ফিরোজা বেগমের উপস্থিতি। গান করতে আসা শিল্পীরা বারবার স্মরণ করলেন তাঁকে। প্রিয় মানুষটি কারও কাছে ফিরোজা আপা, কারও কাছে ফিরোজা খালা। দর্শক সারিতে যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই শিল্পী।

বৈঠকি ঢংয়ের অনুষ্ঠানে দর্শক-শিল্পী মুখোমুখি। সুজিত মোস্তফার ঘোষণার মধ্য দিয়ে শুরুতে এলেন ডালিয়া নওশীন, শোনালেন ‘গানগুলি মোর আহত পাখির’। তার আগে কিছুটা স্মৃতিচারণা। এ শিল্পীকেই অনুসরণ করলেন অন্যরাও। একটি গানের সঙ্গে কিছুটা স্মৃতিচারণা, কিছুটা মূল্যায়ন। দ্বিতীয় শিল্পী রেবেকা সুলতানা গাইলেন ‘গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়’। গাইলেন এ কে এম শাহাজান পাটোয়ারী, সুচরিতা রায়, শহীদ কবির, সেলিনা আফরোজ, আশীষ কুমার সরকার, আল্পনা রায়, ইয়াসমিন মুস্তারিসহ আরও অনেকে।

বাংলা একাডেমির আয়োজন

গতকাল বিকেলে বাংলা একাডেমির সভাকক্ষে কথাসাহিত্যিক পূরবী বসুকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৩’ প্রদান করা হয়। গত ১ ফেব্রুয়ারি ২০১৪ অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি পুরস্কার-২০১৩’ প্রদান করেন। সে সময় প্রবাসে অবস্থানের কারণে পুরস্কারপ্রাপ্ত পূরবী বসু উপস্থিত থাকতে পারেননি। একই সঙ্গে ১৯৭১ সালে ছোটগল্পে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তকে আনুষ্ঠানিকভাবে তাঁর পুরস্কার-সনদের প্রতিলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে পূরবী বসুকে পুষ্পস্তবক, সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক এবং জ্যোতিপ্রকাশ দত্তকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-সনদ ১৯৭১’-এর প্রতিলিপি প্রদান করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক-গবেষক হায়াৎ মামুদ, রাজনীতিবিদ নূহ-উল-আলম লেনিন প্রমুখ।