শিল্পীর ভালো লাগা দিয়ে শিল্পীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী

‘জীবনে যত পূজা হল না সারা/ জানি হে জানি তাও হয় নি হারা’ রবীন্দ্রনাথের গানের এ দুই চরণ গেয়ে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বললেন, ‘এই পূজা আমরা শেষ পর্যন্ত সাধন করব। আমরা কাইয়ুমের পথ থেকে সরে যাব না।’
সদ্য প্রয়াত বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে ছায়ানট আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সন্জীদা খাতুন। গতকাল শুক্রবার ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুদ্ধসংগীত ও গানের সঙ্গে কাইয়ুম চৌধুরীকে স্মরণ করেন অন্যরা।
সন্জীদা খাতুন বলেন, ‘কাইয়ুম ছায়ানটের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। শুধু ছায়ানট নয়, ছায়ানটের যে শিশুশিক্ষা প্রতিষ্ঠান নালন্দা, সেটিরও। নালন্দায় শিশুশিল্পীদের ছবি আঁকা দেখতে এসে কাইয়ুম বলেছিলেন, “আশ্চর্য এদের রং ব্যবহার করার সাহস। এদের কাছ থেকে এ সাহস আমাদেরও শিখতে হবে।”’ ছায়ানটের সভাপতি আরও বলেন, ‘কাইয়ুম যা যা ভালোবাসতেন, তা দিয়েই আজকের অনুষ্ঠান সাজিয়েছি আমরা।’
ছায়ানটের শিল্পীদের সম্মিলিত পরিবেশনা ‘শুভ্রসমুজ্জ্বল হে চির-নির্মল’-এর পর ‘রাগ-ভীমপলশ্রী’ গেয়ে শোনান লতিফুন জুলিও। ‘রাগ-বাগেশ্রী’ বাঁশিতে বাজিয়ে শোনান মর্তুজা কবির। এরপর একে একে গান করেন তৃপ্তি খান, ইফ্ফাত আরা দেওয়ান, সুমন মজুমদার ও শারমিন সাথী ইসলাম। কাইয়ুম চৌধুরীর প্রিয় কীর্তন গেয়ে শোনান প্রমিলা চক্রবর্তী।
গানের মাঝে মাঝে কাইয়ুম চৌধুরীকে নিয়ে কিছু কথা বললেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত এবং ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী।
আবুল হাসনাত বলেন, ‘কাইয়ুম চৌধুরীর সৃজনে যে বহু পর্যায় বা ভাবনা আছে, তা অনন্য। কোনো এক গণ্ডিতে তিনি নিজেকে আবদ্ধ করে রাখেননি। এটিই তাঁর মৌলিকত্ব। তাঁর সৃজন এবং জীবনাদর্শ আমাদের যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে।’
ডা. সারওয়ার আলী বলেন, ‘এককথায় বলা চলে, কাইয়ুম চৌধুরী বাংলাদেশে একজন বিশ্বমানের চিত্রশিল্পী। আত্মমগ্ন চিত্রশিল্পী, সংগীতপ্রেমী, মানবদরদি। যিনি একজন পরিপূর্ণ মানুষ।’ তিনি বলেন, কাইয়ুম চৌধুরী তাঁর চিত্রশিল্পের বাইরে গিয়ে সংগীতের মধ্য দিয়ে জীবনকে উপভোগ করেছেন।
উপস্থিত সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।