শিল্পীর রংতুলিতে মুক্তিযুদ্ধের ছবি
স্বাধীনতা দিবসের দুপুরে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবিত ভবনের জন্য নির্ধারিত স্থানে সমবেত হয়েছিলেন দেশের প্রবীণ-নবীন চিত্রশিল্পীরা। তাঁরা ক্যানভাসে ফুটিয়ে তুলছিলেন বাঙালির চিরগৌরবময় মুক্তিযুদ্ধের দৃশ্য। তুলে ধরেছেন বাংলার নিসর্গ ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। যে ফাঁকা জায়গায় বসে সবাই ছবি আঁকেন, তার পাশের দালান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল একটি বড় লাল-সবুজ পতাকা। আর মাঠের মতো এই জায়গার চারপাশে ছিল মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন পোস্টারের বড় সংস্করণ এবং বঙ্গবন্ধুর ছবি দিয়ে সাজানো। ছাবি আঁকায় অংশ নিয়েছিলেন মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, সমরজিত্ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, শহীদ কবীর, ফরিদা জামান, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য্য, মনিরুজ্জামান, অশোক কর্মকারসহ আরও অনেকে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ। গান করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর দল ‘সুরের ধারা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন। চিত্রাঙ্কনের এই আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সারোয়ার আলী ও রবিউল হুসাইন।সম্মিলিত সাংস্কৃতিক জোট যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি তা পূরণে এখনো অনেক পথ বাকি। ধারাবাহিক আন্দোলনের মধ্যে পাওয়া দেশ একদিন আধুনিক গণতান্ত্রিক দেশ হবে। সে শপথ নিয়ে মূল দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকেই। গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব ২০১০-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।‘যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনের আলোচনায় বারবার ফিরে আসে যুদ্ধাপরাধীদের বিচারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। তাঁরা বিচারের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জয়যাত্রা শুরু হয়েছে, জয় সুনিশ্চিত।আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সত্যেন শিল্পী সংস্থা, ক্রান্তি, ঢাকা স্বরকম্পন ও সংবৃত্তা। দুটি পথনাটক পরিবেশন করে দ্যাশ বাংলা থিয়েটার ও ঢাকা নান্দনিক।বাংলা একাডেমীর অনুষ্ঠানবাংলা একাডেমী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল বিকেলে নজরুল-মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব মো. আলতাফ হোসেন। আলোচনায় অংশ নেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও ফেলো অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, স্বাধীন বাংলা বেতারের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বেলাল মোহাম্মদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ, জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল বারকাত। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।বন্ধুসভার অনুষ্ঠান‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’ শিরোনামের ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করে। শুরুতে মুক্তিযুদ্ধের ওপর বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবু সাইদ ও প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।