বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশের শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশে এখন শিল্প প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ বিরাজ করছে। মিলছে বিদ্যুৎ, জ্বালানি ও শ্রম। যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। তাই দুই বন্ধুপ্রতিম দেশের শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধি আনতে দুই দেশেরই যৌথভাবে আরও বেশি করে শিল্প প্রতিষ্ঠার প্রয়োজন।
গতকাল শুক্রবার কলকাতায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আমির হোসেন আমু এ কথা বলেন। কলকাতার সায়েন্স সিটির সামনে মিলনমেলা ময়দানে এই মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু, শক্তিসম্পদমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বন্ধন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর ঘোষ প্রমুখ। শিল্পমেলার আয়োজক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসিআইয়ের সভাপতি সুরজিৎ পাল চৌধুরী।
এবারের মেলায় বাংলাদেশসহ যোগ দিয়েছে মিসর, তুরস্ক, হংকং, ঘানা, আফগানিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ আরও কটি দেশ।