শিল্পে গ্যাস-সংযোগ পেতে প্রধান ভরসা ঘুষ!
স্বাভাবিক প্রক্রিয়ায় গ্যাসের শিল্প ও বাণিজ্যিক সংযোগ দেওয়া অনেক দিন ধরেই বন্ধ। ভুক্তভোগীরা বলছেন, এ খাতে ব্যবহারের জন্য গ্যাস-সংযোগ পেতে সবচেয়ে বড় ভরসা এখন ঘুষ। অভিযোগ আছে, একটি চক্রকে ঘুষ দিলে সংযোগ পাওয়া যায়। এ ছাড়া অনেক শিল্পমালিক সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস ভরে নিয়ে ব্যবহার করছেন। এতে গ্যাস-সংযোগ বন্ধ রাখার সরকারি পদক্ষেপ অর্থহীন হয়ে পড়েছে।
ঘুষ দিয়ে সংযোগ পেয়েছেন এবং ঘুষের বিনিময়ে সংযোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন—এমন দাবি করা কয়েকজন শিল্পোদ্যোক্তার সঙ্গে কথা বলে ওই চক্রের তৎপরতার খবর জানা গেছে। পেট্রোবাংলা এবং তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির বিভিন্ন পর্যায়ের সূত্র থেকেও এর সত্যতা সম্পর্কে জোরালো সমর্থন পাওয়া গেছে।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করে। গত বছরের ৭ মে আবাসিক সংযোগ দেওয়া আবার শুরু হলেও শিল্প ও বাণিজ্যিক সংযোগ এখনো বন্ধ রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ শিল্পে জরুরি ভিত্তিতে সংযোগ দেওয়া ও বরাদ্দ (লোড) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়ে প্রায় দুই বছর আগে সরকার প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল। মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন ও নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে অনেক দিন এ কমিটির কার্যক্রম চলেনি। এখন আবার কাজ শুরু হবে।
তবে দৃশ্যত কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় গ্যাস-সংযোগ থেমে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের একজন শিল্পগ্রাহক প্রথম আলোকে বলেন, কমিটির অনুমোদনের জন্য তিনি সংযোগের আবেদন করেছিলেন। দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো সিদ্ধান্ত না পেয়ে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দিয়ে সংযোগ নিয়েছেন। তাঁর দৈনিক চাহিদা চার হাজার ঘনফুট গ্যাস।
আরেকজন গ্রাহক বলেন, প্রায় ছয় মাস আগে করা তাঁর আবেদন কমিটিতে ওঠেইনি। সংযোগ দেওয়ার জন্য তাঁর কাছে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছে। ৪০ লাখে রফা হতে পারে। এ উদ্যোক্তার চাহিদা দৈনিক ১৮ হাজার ঘনফুট।
নারায়ণগঞ্জের একজন গ্রাহক অভিযোগ করেন, তাঁর প্রায় ছয় মাস পর আবেদন করেও কেউ কেউ সংযোগ পেয়েছেন। তিনি এখন ঘুষ দিয়ে সংযোগ নেওয়ার চেষ্টা করছেন।
এ ছাড়া সাভার, নরসিংদী ও কেরানীগঞ্জ এলাকার অনেক শিল্প ও বাণিজ্যিক গ্রাহক ঘুষের বিনিময়ে সংযোগ পাচ্ছেন বলে জানা গেছে।
উচ্চপর্যায়ের কমিটি পাঁচ কিস্তিতে ২৪৮টি প্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়া ও বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সব ক্ষেত্রে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি বলে অভিযোগ রয়েছে। শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে এর সমর্থন মেলে।
কমিটির সদস্যসচিব পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, তাঁদের কমিটি প্রথমে ২৯টি এবং পরে আরও ৯২টি শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন যন্ত্রে সংযোগ প্রদান ও বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। এরপর আরও দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু তাঁর জানা নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য সাবেক মহাজোট সরকারের আমলে উল্লিখিত দুই কিস্তির পরও একবার ১৫টি, আরেকবার ২৬টি এবং সর্বশেষ ৮৬টি প্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ ও বরাদ্দ বাড়ানোর বিষয়ে কমিটির নামে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নথিপত্রে কমিটির সবার স্বাক্ষর নেই। তবে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো সে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
কমিটির কাছে আবেদন করার নিয়ম হচ্ছে, গ্রাহক সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কাছে আবেদন করবেন। কোম্পানি আবেদনটি সরেজমিন দেখাসহ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনসহ কমিটির সভায় তোলার জন্য পাঠাবে। এরপর কমিটি সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রথম দুই কিস্তির পর এ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ আছে। কোনো কোনো গ্রাহকের আবেদন সরাসরি কমিটি প্রধানের হাতে পৌঁছে গেছে। আবার নিয়ম মেনে বিতরণ কোম্পানির মাধ্যমে অনেকের করা আবেদন কমিটিতে উপস্থাপিত হয়নি। অনেক দিন ধরে পড়ে আছে। নতুন করেও অনেকে আবেদন করার জন্য সংশ্লিষ্ট কোম্পানির কার্যালয়ে ঘুরছেন।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম বলেন, তাঁদের কাছে অনেকগুলো আবেদন আছে। কমিটি চাইলেই সেগুলো সভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। এ ছাড়া তাঁদের এ ব্যাপারে কিছু করার নেই।