কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত আট বছরে কারিগরি শিক্ষার হার ১ শতাংশ থেকে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু এটি যথেষ্ট নয়। এই হার ৬০ শতাংশে উন্নীত না করলে সামনে উৎপাদনমুখী কারখানা চালানো যাবে না।
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিআইএফটি) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পাসিং আউট এবং চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
চার বছর আগে চালু হওয়া সিবিআইএফটি থেকে প্রথম ব্যাচে ২৬ জন শিক্ষার্থী স্নাতক পাস করেছেন। পোশাক খাতে দক্ষ ও বিশেষজ্ঞ কর্মী তৈরি করতে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এই ইনস্টিটিউট পরিচালনা করে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, জার্মানিতে মোট শিক্ষার্থীর ৮০ শতাংশের বেশি কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন। ইউরোপে এই হার ৬০ শতাংশের বেশি। এই হিসাবে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে। তিনি বলেন, পোশাক খাতে কয়েক বছর আগেও ১৯ হাজার বিদেশি বিশেষজ্ঞ চাকরি করতেন। তাঁরা ডলারে বেতন নিয়ে যেতেন। এখন দেশীয় কারিগরি প্রতিষ্ঠানগুলো থেকে উত্তীর্ণ হওয়া সাত হাজার শিক্ষার্থী এই খাতে কাজ করছেন। এই সংখ্যা আরও বাড়াতে হবে।
সিবিআইএফটির পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সংগঠনের প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক।
অনুষ্ঠানে বিজিএমইএর নেতারা জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিভাগ নিয়ে এই ইনস্টিটিউট চালু হয়। অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ থেকে ১৪ জন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী বিএসসি (সম্মান) কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে এই ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী রয়েছেন।