শিল্পের পর বাসাবাড়ির গ্যাস-সংযোগও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শিল্পকারখানায় গ্যাস-সংযোগ বন্ধ হওয়ার পর এবার বাসাবাড়ির সংযোগও থেমে গেছে। বাসাবাড়িতে গ্যাস-সংযোগের জন্য চলতি অর্থবছর কোনো দরপত্র আহ্বান করা হয়নি। দরপত্র আর আহ্বান করা হবে কি না, কিংবা বাসাবাড়িতে কবে গ্যাস-সংযোগ দেওয়া হবে—পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা সে বিষয়টিও নিশ্চিত করতে পারছেন না।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সূত্র জানায়, ২০১৩ সালের ৭ জুন রাজশাহীতে বাসাবাড়ির গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। তাড়াতাড়ি সংযোগ দেওয়ার জন্য বিনা দরপত্রেই পুরোনো ঠিকাদারকে দিয়ে রাইজার তোলার কাজ শুরু করা হয়। গত দুই বছরে ৮ হাজার ৮০০ বাসায় গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে সংযোগের জন্য ২০ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়ে রয়েছে। এ ছাড়া সব প্রক্রিয়া শেষে রাইজার তোলার জন্য টাকা জমা দিয়ে বসে আছেন আরও কয়েক শ গ্রাহক।
গত বৃহস্পতিবার রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম জানান, তাঁর বাসায় গ্যাস-সংযোগের জন্য পাইপ টানা শেষ হয়েছে। ‘ডিমান্ড’ নোটিশও ইস্যু করা হয়েছে। তবে এখনো রাইজার তোলা হয়নি। এখন যে আর গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে না, সে বিষয়টি তিনি জানেন না।
একই এলাকার গোবিন্দ কুমার কর্মকারের নামও রাইজার তালিকাভুক্ত হয়েছে। কিন্তু তাঁর বাসায়ও রাইজার তোলা হয়নি। গত বুধবার বিকেলে গোবিন্দের স্ত্রী পপি রায় বলেন, তাঁদের বাড়িতে পাইপ টানা হয়েছে। ‘ডিমান্ড’ নোটিশ ইস্যু করতে তাঁদের প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। পাইপ টানা পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। কোম্পানির লোকেরা বলে আসছেন, বর্ষার কারণে সিটি করপোরেশন রাস্তা কাটতে দিচ্ছে না। তাই রাইজার তোলা বন্ধ রয়েছে। তিনি জানান, তাঁরা জানতেন না যে নতুন দরপত্র আহ্বান করা না হলে সংযোগ পাবেন না। এই পর্যায়ে এসে যদি গ্যাস না দেওয়া হয়, তাহলে তিনি কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহী কার্যালয়ের ব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ জানান, গত অর্থবছরে বরাদ্দ ছিল সাড়ে তিন হাজার রাইজার। তাঁরা ৩ হাজার ৭৬৭টি রাইজার তোলার জন্য তালিকাভুক্ত করেছেন। তালিকা করা হলেও অতিরিক্ত ২৬৭ বাড়িতে রাইজার তোলা সম্ভব হচ্ছে না। এ ছাড়া রাইজারের জন্য টাকা জমা নেওয়া হয়েছে আরও অনেক বেশি গ্রাহকের। নতুন করে দরপত্র আহ্বান না করা হলে আর গ্যাস-সংযোগের জন্য রাইজার তোলা সম্ভব হবে না।
জানতে চাইলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এস এম ফারুক কবে নতুন দরপত্র আহ্বান করা হবে, সে সম্পর্কে বলতে পারেননি। আদৌ আর দরপত্র আহ্বান করা হবে কি না, জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন বলে জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশে তিন বছর আগে রাজশাহীতে শিল্পকারখানায় গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়েছিল। ইতিমধ্যে সাতটি কারখানায় সংযোগ দেওয়া হয়েছে। আরও সাতটি প্রতিষ্ঠান সংযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর আগেই সেগুলোতে গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করা হয়।