নব্বইয়ের দশকের শুরু থেকে বাংলাদেশে নগরায়ণের সঙ্গে পাল্লা দিয়ে শিল্পায়ন হয়েছে। এতে করে কৃষিজমি কমেছে। একদিকে জমি কমছে, অপরদিকে জনসংখ্যা ক্রমশ বাড়ছে। এ কারণে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। তাই শিল্পায়নের সঙ্গে সঙ্গে কৃষিজমি কীভাবে বাঁচানো যায়, সেদিকেও লক্ষ রাখতে হবে।গতকাল বুধবার দুপুরে সিলেটে ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি): ২০১৫ সাল পরবর্তী করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন ও উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) উদ্যোগে ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মকবুল হোসেন ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতম কুমার ঘোষ, তাজুল ইসলাম ও এফআইভিডিবি সিলেটের কর্মকর্তা সৌমিক শরিফ জাহান। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের কর্মকর্তা এহেতাশামুল করিম।প্রধান অতিথির বক্তৃতায় এম এ মান্নান বলেন, ‘পৃথিবীর ৪৮টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু আশার কথা হচ্ছে, বাংলাদেশ এ অবস্থা থেকে বেরিয়ে এসে মধ্যম আয়ের দেশের বারান্দায় উঠেছে। আমাদের দেশে আগের মতো দারিদ্র্য নেই, খাদ্যসংকট নেই। অর্থনীতিতে ইতিমধ্যে বাংলাদেশ টেকসই প্রবৃদ্ধি অর্জন করেছে।’ সাংসদ আরও বলেন, ‘শহরে বসে যাঁরা উন্নয়নের পরিকল্পনা করছেন, তাঁদের অনেকের মধ্যে এখনো গ্রাম-শহর বিভাজনের মানসিকতা রয়েছে। মানুষ জন্মের শুরু থেকেই গ্রামের প্রতি বিভাজন চলে আসছে। এ থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে অর্থনীতি সমৃদ্ধকরণ কোনোভাবেই সম্ভব হবে না।’ সভায় বক্তারা বলেন, এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে সার্বিক কর্মকাণ্ডে আরও অগ্রগতির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এখনো বাংলাদেশে নারীর সঠিক নিরাপত্তা আমরা দিতে পারছি না। দেশের গার্মেন্টসগুলোতে নারী শ্রমিকেরা নানা কারণে নিরাপত্তাহীনতায় থাকেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আয়োজকেরা জানান, বুড়িগঙ্গা, সুরমা, শীতলক্ষ্যাসহ বিভিন্ন নদীর পানি নষ্ট হচ্ছে। ময়লা-আবর্জনায় নদীগুলোর সঠিক পানি-প্রবাহ রুদ্ধ হচ্ছে, নাব্যতা হারিয়ে নদীগুলো মৃতপ্রায়। এ অবস্থা চলতে থাকলে ২০ বছর পর পরবর্তী প্রজন্ম নিরাপদ পানি পাবে কি না সন্দেহ রয়েছে। তাই পরিবেশ উপযোগী ছোটখাটো শিল্পায়নের দিকে নজর দেওয়া দরকার।কর্মশালায় বক্তারা বলেন, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। কিন্তু ১৯৯০ সালের পর উৎপাদিত শিল্পসামগ্রীর দাম যেভাবে বেড়েছে, কৃষিপণ্যের দাম কিন্তু সেভাবে বাড়েনি। ইউরিয়া কিংবা কীটনাশক সারের দাম যেভাবে বেড়েছে, সেইভাবে আলু-পটোলসহ কৃষিপণ্যের দাম বাড়েনি। এসব দ্রব্যের দাম বাড়ার মধ্যে সমতা আনা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন আসবে না। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাজুল ইসলাম বলেন, ‘অতীতে সিলেটের সুরমা নদী দিয়ে স্টিমারযোগে মানুষ লন্ডন পর্যন্ত যাতায়াত করতেন। আর এখন এ নদী দিয়ে একটি ডিঙি নৌকাও ভালোভাবে চলাচল করতে পারে না। সুরমা নদী নাব্যতা তো হারিয়েছে কবেই, এখন নদীর পানিও দূষিত।’