শিল্পের বর্জ্য পরিশোধনে প্রকল্প
শিল্প কারখানার তরল বর্জ্য পরিশোধনের জন্য গবেষণামূলক প্রকল্প চালুর লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চুক্তি সই হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইকোটেক্স লিমিটেডের সম্মেলনকক্ষে ওই চুক্তি সই হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রেডিয়েশন পলিমার টেকনোলজি ইনস্টিটিউটের (আইআরপিটি) গবেষক মোবারক হোসেন খান ও ইকোটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মহাপরিচালক মাহমুদুল হাসান, গবেষক মোবারক হোসেন খান, আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন। মোবারক হোসেন খান বলেন, গবেষণা প্রকল্পটি সফলভাবে সম্পাদন করা গেলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ব্যবস্থাপনার পর বর্জ্য পদার্থ জৈবসার হিসেবে কৃষি কাজে ব্যবহার করা সম্ভব হবে।