কানকুন সম্মেলনে দাবি তুলতে বিইউপির সুপারিশ
শিল্পোন্নত দেশগুলোকে জিডিপির দেড় শতাংশ জলবায়ু তহবিলে দিতে হবে
২০২০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৪৫ শতাংশ এবং ১৯৯০ সালের তুলনায় তা প্রায় ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এ ছাড়া চলতি শতাব্দীতে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না। মেক্সিকোর কানকুনে আসন্ন জলবায়ু সম্মেলন কনফারেন্স অব পার্টি (সিওপি)-১৬তে মিত্র দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে বাংলাদেশকে এসব দাবি তোলার সুপারিশ করেছে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি)।গতকাল শনিবার বিইউপি আয়োজিত কানকুন সম্মেলনবিষয়ক এক সংবাদ সম্মেলনে সরকারের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিনিধিদলের সদস্য ও বিইউপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এসব সুপারিশ তুলে ধরেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জলবায়ু তহবিলের জন্য শিল্পোন্নত ৩৭টি দেশকে তাদের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) দেড় শতাংশ দেওয়ার দাবি তোলা হবে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোকে এই তহবিলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।খলীকুজ্জমান ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে ঘোষিত বার্ষিক এক হাজার কোটি ডলার তহবিলের অর্থ দ্রুত ছাড়ের দাবি তোলেন। তিনি বলেন, এই অর্থ যাতে বিশ্বব্যাংকের মাধ্যমে ব্যবস্থাপনা না হয় এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অংশগ্রহণের ভিত্তিতে ব্যবস্থাপনা করা হয়, সে প্রস্তাবও তুলতে হবে।জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার বলেন, অল্প আয়তন ও অধিক জনসংখ্যার চাপ মোকাবিলা করে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে। দেশের বিশাল জনগোষ্ঠী এখনো প্রতিবেশব্যবস্থার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবেশব্যবস্থা বদলে যাচ্ছে।বিইউপির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, ১৬ বছরে মানুষ নাবালক থেকে সাবালকত্বের দিকে যাত্রা করে। তেমনি কানকুনে জাতিসংঘের যে ১৬তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মাধ্যমে বিশ্বসম্প্রদায়ও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।গতকাল প্রেসক্লাবে ‘জলবায়ু পরিবর্তন বিনিয়োগ ও আর্থিক প্রবাহ’ শীর্ষক আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের বিনিয়োগ ও অর্থায়ন প্রয়োজন পড়বে, সে সম্পর্কে দ্রুত সমীক্ষা চালানোর ওপর জোর দেন। পানি ব্যবস্থাপনার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আইনুন নিশাত, কৃষি নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এম আসাদুজ্জামান, জ্বালানি খাত নিয়ে ইকবাল হোসেইন, নীতি বিষয়ে আতিক রহমান, অ্যাডভোকেসি ও সচেতনতা বিষয়ে সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আলোচনা করেন। পুরো আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারের প্রতিনিধি রেজাউল করিম এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিরউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় দুই পর্বে ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রবার্ট ঝুকামসহ দেশের শীর্ষস্থানীয় জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন।