শিশাপাংমা জয়ের অভিযান এবার
এভারেস্টজয়ী নিশাত মজুমদার এবং এম এ মুহিত এবার পৃথিবীর ১৪তম শিখর শিশাপাংমা জয়ের অভিযানে যাচ্ছেন। শিশাপাংমায় এটিই হবে বাংলাদেশের প্রথম অভিযান। এ লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর তাঁরা তিব্বতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অভিযানের প্রথম প্রয়াসের অংশ হিসেবে নিশাত ও মুহিতের হাতে পতাকা তুলে দিয়ে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, প্রবীণ আইনজীবী রফিক-উল হক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, তাঁরা বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। পুরো জাতি তাঁদের জন্য গর্বিত। অনুষ্ঠানে নিশাত ও মুহিত তাঁদের প্রস্তুতি ও অভিজ্ঞতার কথা বলেন।
এভারেস্টের মতো আট হাজার মিটারের অধিক উচ্চতার ১৪টি শিখরের একটি শিশাপাংমা। আট হাজার ১৩ মিটার উঁচু এ শিখরে ৩০ দিনব্যাপী অভিযান চালানো হবে।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর টনি মাইকেল গমেজ এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ।