শিশির মোড়লের ওপর হামলাকারী সেই চিকিৎসক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলাকারী চিকিৎসক সফিউল আজমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন সফিউল আজম। আজ তাঁর জামিনের মেয়াদ শেষ হলে তিনি আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাঁর এ আবেদন নাকচ করে দেন।

গত ১৩ মে একটি কক্ষে আটকে রেখে শিশির মোড়লকে মারধর করেন শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সফিউল আজম এবং তাঁর সহযোগীরা। তাঁরা শিশির মোড়লকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে একটি কাগজে সই করিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে দেন।

সে সময় শিশির মোড়ল জানিয়েছিলেন, সফিউল আজম সরকারি চাকরি না ছেড়ে শিকদার মেডিকেল কলেজে চাকরি করছেন এবং একসঙ্গে একাধিক ডিগ্রি ব্যবহার করেছেন। এ অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি শিকদার মেডিকেলে যান। এর আগে তিনি ফোনে সফিউলের মন্তব্য জানতে চাইলে সফিউলই তাঁকে সশরীরে শিকদার মেডিকেলে যেতে বলেন। সফিউল একই সঙ্গে নিজেকে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে চিকিত্সা দিচ্ছিলেন।

মারধরের ঘটনায় শিশির মোড়ল বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছিলেন।