শিশির মোড়লকে মারধরের মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধরের ঘটনায় করা মামলায় শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগের তৎকালীন চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শহীদুল ইসলাম অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
২০১৪ সালের ১৩ মে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল তথ্য সংগ্রহ করতে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসক সফিউল আজমের কাছে যান। পরে সেখানে তাঁকে আটকে রেখে নির্যাতন করেন ওই চিকিৎসক এবং তাঁর সহযোগী সুফিয়ান। এ ঘটনায় ওই দিনই হাজারীবাগ থানায় শিশির মোড়ল বাদী হয়ে এ মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর ডিবি পুলিশ চিকিৎসক সফিউল আজমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, আর আবু সুফিয়ানকে অব্যাহতির আবেদন করে। পরে চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের মামলার শুনানিতে সরকারি কৌঁসুলি মোহাম্মদ আনোয়ার শাহাদত ও আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।