শিশির মোড়লের ওপর হামলাকারী চিকিত্সকের সনদ বাতিলের সুপারিশ
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলার ঘটনায় মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট চিকিত্সকের সনদ বাতিলের সুপারিশ করেছে। আজ সোমবার দুই সদস্যের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদনটি বিএমডিসির কাছে জমা দিয়েছে। তদন্ত কমিটির একজন সদস্য প্রথম আলোকে এ কথা জানান।
তদন্তের সুপারিশ বাস্তবায়িত হলে এটি হবে কোনো চিকিত্সকের সনদ বাতিলের দ্বিতীয় ঘটনা। এর আগে আশির দশকে অরুণ জ্যোতি চাকমা নামের এক চিকিত্সকের সনদ বাতিল হয়েছিল।
গত ১৩ মে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল ওপর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক সফিউল আজম হামলা চালানোর ঘটনার পর বিএমডিসি একটি তদন্ত কমিটি করে ঘটনার তদন্ত শুরু করে।
বিএমডিসি সূত্র জানায়, তদন্ত কমিটি হামলাকারী চিকিত্সকের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির অনুসন্ধানে সফিউল আজমের সরকারি চাকরি ছেড়ে না দিয়ে বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরিতে যোগদানের প্রমাণ মিলেছে। তিনি কখনো সহকারী অধ্যাপক, কখনো সহযোগী অধ্যাপক, আবার কখনো শুধু অধ্যাপক পদবি ব্যবহার করছেন। এ ছাড়া তদন্ত কমিটি শিশির মোড়লের ওপর হামলারও প্রমাণ পেয়েছে।
তদন্ত কমিটি হামলাকারী চিকিত্সক সফিউল আজমের সনদ সাময়িক বাতিলের সুপারিশ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ খতিয়ে দেখা ও বিচারিক প্রক্রিয়া শুরুর সুপারিশও করেছে।
দুই সদস্যের ওই তদন্ত কমিটিতে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য চিকিত্সক রশিদে মাহবুব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
জানতে চাইলে বিএমডিসির সভাপতি আবু সাফি আহমেদ আমিন জানান, তদন্ত প্রতিবেদনটি তাঁরা পেয়েছেন। এখন ওই প্রতিবেদন বিএমডিসির স্থায়ী শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। কমিটি প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেবে।